জিমন্যাস্টিকসে সাইকের ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা জয়ের প্রত্যাশায় কালও খেলতে নেমেছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি তরুণ কাজী সাইক সিজার। কিন্তু চতুর্থ দক্ষিণ এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দুই দিন পার হয়ে গেলেও সাইক সিজারের হাত ধরে বাংলাদেশ কোনো সোনার পদক জিততে পারেনি। মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোরে কাল ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে ব্রোঞ্জ জিতেছেন সাইক সিজার।৮২.৬৫ পয়েন্ট পাওয়া সাইক সিজার ভল্ট, প্যারালাল বার ও ফ্লোরে চমৎকার পারফরম্যান্স করলেও হতাশ করেন পমেল হর্স, স্টিল রিংস ও হাই বারে। ৮৩.৭ পয়েন্ট পেয়ে এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের আশিস কুমার। রুপার পদক উঠেছে উজবেকিস্তানের দাউলেত নারমেতভের গলায়। তিনি পেয়েছেন ৮৩.২০ পয়েন্ট। কাল মেয়েদের ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে সোনা জিতেছেন উজবেকিস্তানের আসাল সাপারবায়েভা। ৫৩.২৫ পয়েন্ট পেয়েছেন তাসখন্দের কিশোরী। রুপা জেতা ভারতের দীপা কর্মকারের পয়েন্ট ৫১.৪০। ব্রোঞ্জজয়ী ভারতেরই মীনাক্ষির পয়েন্ট ৪৬.৭০। এর আগে গত পরশু মেয়েদের দলগত খেলায় ১৪৭.৯০ পয়েন্ট নিয়ে ভারত সোনা জেতে; ৯৮.৪৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ জেতে রুপা। ব্রোঞ্জজয়ী শ্রীলঙ্কা দলের পয়েন্ট ৯৮.৪০। আজ প্রতিযোগিতার শেষ দিন।