জিমন্যাস্টিকসের ‘মায়েরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিক শুধু তারুণ্যেরই জয়গান গাইবে এমন নয়। অনেক পোড়-খাওয়া অভিজ্ঞ অ্যাথলেটরাও পদক জয়ের লড়াইয়ে নামবেন এখানে। তবে বয়সীদের সবচেয়ে বড় বিজ্ঞাপন বোধহয় প্রমীলা জিমন্যাস্টিকসই। নিয়ম আছে এই ইভেন্টে ১৬ বছরের নিচে কোনো প্রতিযোগী অংশ নিতে পারেন না। তাই পাসপোর্ট জাল করে এবার ত্রিশোর্ধ্ব বেশ কয়েকজন জিমন্যাস্ট।ওকসানা কুসোভিতিনার কথাই ধরুন, বয়স হয়ে গেছে ৩৭। নিজের সন্তানের বয়সী মেয়েরাও এবার তাঁর সঙ্গে লড়ছেন। কারও কারও বয়স তাঁর ১৩ বছর বয়সী ছেলের চেয়ে খুব বেশি নয়। সেই ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে জিতেছিলেন নিজের প্রথম পদক। এরপর দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়ে ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতলেন রুপা। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতার পরই সিদ্ধান্ত নেন, আরও একবার নিজেকে বাজিয়ে দেখবেন। এটা হতে যাচ্ছে তাঁর ষষ্ঠ অলিম্পিক, নিশ্চিতভাবে শেষও। জন্মেছেন উজবেকিস্তানে, তবে ২০০০ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন জার্মানির হয়ে। ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য দেশান্তরি হওয়া এই জিমন্যাস্ট বলছেন এবার খেলাটা তাঁর কাছে অপ্রত্যাশিতই ছিল, ‘যদি কেউ শুরুতে এ কথা বলত, আমি হয়তো হেসেই উড়িয়ে দিতাম। এখন তো এটা হচ্ছেই, আমি দারুণ আনন্দিত।’রোমানিয়ান জিমন্যাস্ট কাতালিনা পনরের বয়স সেই তুলনায় খুব বেশি নয়, মাত্রই ২৫। তবে জিমন্যাস্টদের জন্য বেশি তো বটেই। ২০০৪ এথেন্স অলিম্পিকে তিনটি পদক জিতে চলে গিয়েছিলেন অবসরে, চার বছর পর ফিরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছেন পদক। নিজে অবশ্য ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞই ছিলেন, ‘সম্ভবত সবাই অবাক হয়েছিল, কিন্তু আমি হইনি। আমি সবকিছুই মিস করছিলাম, পোডিয়াম, অ্যাড্রেনালিন, আবেগ সবকিছুই।’কেন এখনো এত পরিণত বয়সের জিনমন্যাস্ট? রোমানিয়ান কোচ অক্টাভিয়ান বেলু মনে করেন, ‘এখনো বুড়োরা খেলছেন, কারণ ওঁদের হটিয়ে দেওয়ার মতো সামর্থ্য তরুণদের নেই। কুসোভিতিনাকে দেখেই এটা বোঝা যায়।’ কিন্তু আগের রোমানিয়ান কোচ নিকোলা ফরমিন্তে তারুণ্যের পক্ষে। তাঁর মত, ১৬ বছরের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া উচিত। তাতে খেলাটা অনেক তারকা পাবে, খেলার ভাবমূর্তি বাড়বে।এখন দেখা যাক, বেলুর পর্যবেক্ষণ অনুযায়ী কুসোভিতিনা, পনরেরা এবার প্রমাণ করতে পারেন কি না জিমন্যাস্টিকসে বেশি বয়স কোনো বাধা নয়। এএফপি।