জিমি এখন মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে ৩২ বছর পর আগামী অক্টোবরে এশিয়া কাপ হকি। অথচ দেশসেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি তাতে খেলবেন না, তা কী করে হয়! কদিন আগে এমন বিস্ময় প্রকাশ করছিলেন জাতীয় হকি দলের এক নির্বাচক। কিন্তু জিমিকে বাদ দিয়ে তাঁরা এশিয়া কাপের প্রাথমিক দল গড়েছেন আগেই। ফেডারেশনের ওয়ার্কিং কমিটি জিমিকে আন্তর্জাতিক হকিতে নিষিদ্ধ করে রেখেছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। কথা ছিল, ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় জিমির নিষিদ্ধ হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে সেই সভা এখনো হয়নি। তার আগেই জিমিকে এশিয়া কাপের ক্যাম্পে ডাকা হয়েছে।

নির্বাচক কমিটির প্রধান কামরুল ইসলাম কিসমত কাল জানিয়েছেন,  জিমিকে রেখে ৩৫ জন খেলোয়াড়ের একটা তালিকা তাঁরা অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীর প্রধানের কাছে। সেই তালিকা অনুমোদিত হয়েছে। কিসমত বলেন, ‘জিমিকে ফোন করে ক্যাম্পে যোগ দিতে বলেছি। দু-এক দিনের মধ্যে সে ক্যাম্পে আসবে।’ জিমিও একই কথা বলেছেন।

জানা গেছে, পুরো প্রক্রিয়াটা ঘটেছে নির্বাচক কমিটি আর ফেডারেশন সভাপতির আগ্রহে। নির্বাচক কমিটির সদস্য হিসেবে আছেন মামুনুর রশিদ, রফিকুল ইসলাম কামাল, আবু জাফর তপন, আরিফুল হক প্রিন্স, মাহবুব এহসান রানা। তবে তাঁদের উদ্যোগের বিষয়ে ফেডারেশনের শীর্ষ এক কর্মকর্তা কাল অন্য সুরেই কথা বলেছেন। ওই কর্মকর্তা বলেন, নির্বাচক কমিটির চারজন সদস্য জিমিকে শাস্তির সুপারিশ করেছিলেন, তাঁরা এখন আবার কেন শাস্তি প্রত্যাহার চেয়েছেন, তা তিনি বুঝতে পারছেন না।

তবে সত্য হলো এই, ফেডারেশনের দায়িত্বশীল কেউ কেউ জিমিকে আর জাতীয় দলে চান না। তাই জাতীয় দলে নিষিদ্ধ হয়ে যান। এই ফাঁকে জিমি জার্মানিতে খেলতে যান ফেডারেশন সভাপতির অনুমতি নিয়ে। এখন সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়ায় এশিয়া কাপের দলটি অনেকটা কচিকাঁচায় রূপ নিয়েছে, ভারত-পাকিস্তানের মতো দলগুলো আসছে, তাই জিমিকে আবার দলে ডাকা। দুই দিন আগে ডাকা হয়েছিল দুই অভিজ্ঞ খেলোয়াড় পিন্টু ও কামরুজ্জামানকে।