জিমি চান ফেডারেশনই ব্যবস্থা নিক
জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দিয়েছেন আবাহনীর হকি কর্মকর্তা শহীদুল্লাহ দোলন। পরশু রাতেই এটা নিশ্চিত করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। অপরাধ স্বীকার করে ফেডারেশন সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি দিয়ে দোলন বলেছেন, ‘আবেগের বশে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন এবং সে জন্য জিমিসহ ফেডারেশন ও জাতির কাছে ক্ষমা চাই।’
শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই এমন একটি ঘটনার সমাপ্তি হবে? কাল সংবাদ সম্মেলনে ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বললেন, ‘দোলন নিজে ফেডারেশনে এসে তার অপরাধ স্বীকার করেছে। এরপর আমি জিমিকে ফেডারেশনে আসতে বলি। যেহেতু জিমির কাছে ও অপরাধী, তাই জিমির ওপরই বিষয়টা ছেড়ে দিয়েছি। জিমির অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা যা নেওয়ার আইনশৃঙ্খলা বাহিনীই নেবে।’ ফেডারেশন কৌশলে বলটা জিমির কোর্টে ঠেলে দিয়েছে। কিন্তু জিমি নিজের কাঁধে বিষয়টি নিতে চান না, ‘আমি কেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাব? তাহলে ফেডারেশনকে কেন বিষয়টি জানালাম? ওনার বিরুদ্ধে ফেডারেশনকেই ব্যবস্থা নিতে হবে।’ আগামী নির্বাহী সভায় দোলনের ব্যাপারে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান খাজা রহমতউল্লাহ।
দোলন ফেডারেশনে প্রিমিয়ার লিগ কমিটিতে আবাহনীর প্রতিনিধি। খাজা রহমতউল্লাহও আবাহনীর সদস্য। দুজনের বন্ধুত্বও অনেক পুরোনো। দোলনের এমন কর্মকাণ্ডে অবাকই হয়েছেন খাজা রহমতউল্লাহ, ‘ঘটনা শোনার পর আমি বিস্মিত হয়েছি। ভাবতেই পারিনি ও এমন কাজ করবে।’