কাল দুপুরের কাঠফাটা রোদে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে থামল নৌবাহিনীর বাস। হকিস্টিক, অন্যান্য সরঞ্জামসহ ব্যাগ কাঁধে নিয়ে নামলেন মামুনুর রহমান চয়ন। পেছনে কৃষ্ণ, কৌশিকরা। সবার গন্তব্য—মওলানা ভাসানী স্টেডিয়াম। আজ থেকে শুরু হচ্ছে ৩১তম জাতীয় হকি। দেশের শীর্ষ পর্যায়ের এই প্রতিযোগিতার প্রস্তুতির জন্যই হকি স্টেডিয়ামে এসেছেন জাতীয় দলের এই খেলোয়াড়েরা।
নামেই জাতীয় প্রতিযোগিতা। আসলে নৌবাহিনী, সেনাবাহিনীসহ বিভিন্ন সার্ভিসেস সংস্থায় ছড়িয়ে ছিটিয়ে খেলছেন জাতীয় দলের খেলোয়াড়েরা। এবার তুলনামূলকভাবে বেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন জাতীয় হকিতে। নৌবাহিনীতে খেলছেন সর্বোচ্চ ১৩ জন—রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক, সারোয়ার হোসেন, ফরহাদ আহমেদ শিতুল, ইমরান হাসান পিন্টু, আশরাফুল ইসলাম, রুম্মন সরকার, তাপস কুমার, অসীম গোপ, কামরুজ্জামান রানা ও দ্বীন ইসলাম ইমন। সেনাবাহিনীতে খেলছেন হাসান যুবায়ের নিলয়, পুস্কর খীসা মিমো, খোরশেদুর রহমান ও মিলন হোসেন। ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন জেলার খেলোয়াড়দের ভিড়ে এবার জাতীয় হকির জৌলুশ বাড়িয়েছেন জিমি-চয়নরা।
এবারের প্রতিযোগিতায় ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে ৩২টি দল। ২৪টি জেলা দলের সঙ্গে আছে ৮টি সার্ভিসেস সংস্থা ও শিক্ষা বোর্ড। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে চূড়ান্ত পর্বে। ফাইনাল ১৮ মে।
গত বছরের নভেম্বরে হওয়ার কথা ছিল জাতীয় হকি। কিন্তু স্কুলের বার্ষিক পরীক্ষা ও ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যস্ততায় পিছিয়ে শুরু করছে এবারের প্রতিযোগিতা। সর্বশেষ দুই বছর আগে অনুষ্ঠিত জাতীয় হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল ফরিদপুর জেলা।
এবার লড়াইটা হতে পারে নৌবাহিনী, সেনাবাহিনী ও বিকেএসপির মধ্যে। গতবার গ্রুপ পর্ব ছিল নকআউট-ভিত্তিক। এবার লিগ ভিত্তিতে খেলা হবে। তাই একটি দল অন্তত তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ফেডারেশনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক চয়ন, ‘এটা ভালো উদ্যোগ। গতবার মাত্র এক ম্যাচ খেলেই ফিরে গিয়েছিল অনেকে, খেলোয়াড়দের মধ্যে অনেক আফসোস ছিল। তখন জেলার অনেক খেলোয়াড়ই আমাদের বলেছিল, দুই-তিন মাস ট্রেনিং করে মাত্র একটা ম্যাচ খেলেছি। প্রথম ম্যাচে কেউ খারাপ খেলতেই পারে। ফেডারেশনের ধন্যবাদ যে এবার ভালো একটা সুযোগ করে দিয়েছে খেলোয়াড়দের। জাতীয় দলে ডাকা পাওয়ার জন্য এবার নিজেদের মেলে ধরতে পারবে তারা।’
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১ লাখ টাকা, রানার্সআপের ৫০ হাজার। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন ১০ হাজার টাকা করে পুরস্কার। কাল এ উপলক্ষে ফেডারেশনে সংবাদ সম্মেলনে যাবতীয় তথ্য জানিয়েছেন সাধারণ সম্পাদক আবদুস সাদেক। উপস্থিত ছিলেন সহসভাপতি আবদুর রশীদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মাহবুব এহসান রানাসহ অনেকে।’