জিমি-জাহিদরা এখন মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে কামরুজ্জামান রানার শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তখনই আভাস মিলছিল, তুলে নেওয়া হতে পারে রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন ও ইমরান হাসান পিন্টুর শাস্তিও। কাল হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় অনুমিত সিদ্ধান্তই হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন খেলোয়াড়কে গত নভেম্বরে জাতীয় দলে তিন বছর ও ঘরোয়া হকিতে দুই বছর নিষিদ্ধ করেছিল হকি ফেডারেশন। এক বছর পর মাঠে ফেরার অনুমতি পেলেন তাঁরা। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না, এই প্রতিশ্রুতি দেওয়ায় শাস্তি প্রত্যাহার করা হয়েছে বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ, ‘ওরা ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করে চিঠি দিয়েছে। ভবিষ্যতে শৃঙ্খলা ভাঙবে না বলে মুচলেকায় সই করেছে ।’
শাস্তি প্রত্যাহার হওয়ায় উচ্ছ্বসিত জিমি, ‘অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেলাম।’ আবারও জাতীয় দলে ফিরতে মুখিয়ে এই স্ট্রাইকার, ‘এত দিন নিয়মিত অনুশীলন করেছি। চেষ্টা করেছি নিজেকে ফিট রাখতে। এক বছর মাঠের বাইরে ছিলাম, খারাপ সময় এবার পার হয়েছে। সুযোগ পেলে ভালো খেলে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।’
ফেডারেশনের কালকের সভায় জাতীয় দলের কোচের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। আগামী জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগে দেশি কোচই দায়িত্বে থাকছেন। অনূর্ধ্ব-২১ দলের কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশীদকে দেওয়া হয়েছে জাতীয় দলের দায়িত্ব। বিদেশি কোচ না পাওয়া পর্যন্ত তিনিই থাকছেন ভারপ্রাপ্ত কোচ। এর আগে ২০০৪ সালে জাতীয় দলের সঙ্গে ছিলেন সহকারী কোচ হিসেবে।
এবার কোচ নিয়ে অনেক নাটকই করল হকি ফেডারেশন। বিদেশি কোচ আনার কথা বলে শেষ পর্যন্ত নাকি কোনো বিদেশি কোচ পায়নি! ভারতের অজয় কুমার বানসালকে জাতীয় দলের কোচ হিসেবে ফেডারেশনের আগের সভায় নিয়োগও দেওয়া হয়। কিন্তু বানসাল শেষ পর্যন্ত ছুটি পাননি। বানসাল ছাড়াও আন্তর্জাতিক হকি ফেডাশেনের কোচ মিশেল কিনানকে আনার কথাও বলেছিলেন কর্তারা। কিন্তু তাঁকেও পাওয়া যায়নি। মালয়েশিয়া থেকেও একজন কোচ আনার কথা জানানো হয়েছিল। শেষ পর্যন্ত সবই বৃথা।