জিমিই হকি দলের অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপে মালয়েশিয়া আমাদের চেয়ে এগিয়ে। তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। তবে ওমান ও ফিজির সঙ্গে বাকি দুটি ম্যাচে আমরা ৬ পয়েন্ট পেতে চাই —অলিভার কার্টজ
ইদানীং জাতীয় হকি দলে ঘন ঘন অধিনায়ক বদল হয়। তবে এবার টানা দুটি টুর্নামেন্টে একই অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ। হংকংয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপের পর ঢাকায় ৪-১২ মার্চ অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডেও অধিনায়ক থাকছেন স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। অধিনায়ক জিমির এটি চতুর্থ টুর্নামেন্ট। প্রথম দুটি ছিল ২০০৯ এশিয়া কাপ ও ২০১২ এশিয়ান হকি ফেডারেশন কাপ।
বাংলাদেশ দলের আক্রমণভাগে জিমি টিকে আছেন এক যুগেরও বেশি সময়। কিন্তু তাঁর শুরুর সঙ্গীরা ছিটকে গেছেন। গত কয়েক বছর যাঁদের সঙ্গে নিয়মিত আক্রমণে খেলছেন, সেই নিলয়-মিমোরাও নেই। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য জিমিকে অধিনায়ক রেখে কাল ঘোষিত ১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন নিলয়। আক্রমণের আরেক অস্ত্র মিমো এই টুর্নামেন্টে ডাক পেয়েও আসেননি। আগের টুর্নামেন্টে বাদ পড়ার ক্ষোভে সরে দাঁড়ান এই ফরোয়ার্ড। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে হকি ফেডারেশন। বাদ পড়েছেন তাপস।
জিমির সঙ্গে এবার আক্রমণভাগে আছেন রোমান, আরশাদ, কৌশিক, মিলন। মেরিনার্সের ফরোয়ার্ড আরশাদ একেবারেই নতুন। দলে নতুন এসেছেন আরও দুজন। ঊষার মিডফিল্ডার নাইম ও ডিফেন্ডার মাহবুব। তাঁরা তিনজনই অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন।
দল চূড়ান্ত হওয়ার আগে ঘানার সঙ্গে তৃতীয় অনুশীলন ম্যাচটি কাল খেলল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচ ২-২। শেষ মাচে ১-০ গোলে জয়। এই জয়ের পর কোচ অলিভার কার্টজের মুখে একটু হাসিই ফুটেছে, ‘আগের দুটি ম্যাচে যা পাইনি সেটি এই ম্যাচে পেয়েছি।’ তবে অনুশীলন ম্যাচ বেশি খেলতে না পারার অতৃপ্তি আছে তাঁর, ‘ছয়-সাতটি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। এখন তিনটি ম্যাচ খেলেই খুশি থাকতে হচ্ছে।’
প্রস্তুতি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া সফরে যাওয়ার কথা থাকলেও বাংলাদেশ দল যেতে পারেনি ভিসা-জটিলতা ও আরও কিছু সমস্যায়। এ নিয়ে অনেক আক্ষেপ কোচ অলিভারের।
তবু বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা। জিমি সেটি আগেই বলেছেন। কাল কোচও বললেন। দুপুরে সংবাদ সম্মেলনে তাঁর কথা, ‘গ্রুপে মালয়েশিয়া আমাদের চেয়ে এগিয়ে। তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। তবে ওমান ও ফিজির সঙ্গে বাকি দুটি ম্যাচে আমরা ৬ পয়েন্ট পেতে চাই।’ পরের রাউন্ডে খেলতে চাইলে অবশ্য ফাইনালে উঠতেই হবে। তাই ফাইনালের দিকেও চোখ রাখছে বাংলাদেশ।

১৮ জনের বাংলাদেশ দল
গোলরক্ষক: অসীম, জাহিদ। রক্ষণ: চয়ন, খোরশেদ, আশরাফুল, পিন্টু, সিটুল, রেজাউল।
মিডফিল্ড: মাহবুব, সারোয়ার, রানা, নাইম, কৃষ্ণ। ফরোয়ার্ড: কৌশিক, জিমি, আরশাদ, রোমান, মিলন।