জিমিকে দলে ডাকার আভাস
দেশের মাটিতে এশিয়া কাপ হকি। অথচ অনেকের মতে, এখনো দেশসেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি নেই প্রাথমিক ক্যাম্পে। জাতীয় দলে তাঁকে নিষিদ্ধ করে রেখেছে ফেডারেশনের ওয়ার্কিং কমিটি। বলা হয়েছিল, ফেডারেশনের নির্বাহী কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু দেড় মাস পেরোলেও কবে সেই সিদ্ধান্ত হবে বলা কঠিন।
জিমির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। একই অভিযোগে আগেও জাতীয় দলে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে এবার এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টেও নিষিদ্ধ করায় অনেকেই তা মানতে পারছেন না। কারও কারও মতে, ক্লাসের সেরা ছাত্রটি একটু দুষ্ট হতেই পারে, তাই বলে এভাবে বাদ দেওয়া ঠিক নয়। কারও দাবি, জিমি কোনো নিয়ম ভাঙলে সেটার জন্য টিম ম্যানেজমেন্টও দায়ী। আবার কেউ কেউ বলছেন, ধারাবাহিকভাবেই শৃঙ্খলা ভাঙা জিমির আর প্রয়োজন নেই জাতীয় দলে।
তবে কাল জাতীয় হকি দলের নির্বাচক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বললেন, ‘জিমির ব্যাপারটা আমরা দেখছি। ওর মানের খেলোয়াড় কিন্তু নেই। আমরা জিমিকে ডাকব, অবশ্যই ডাকব।’ ফেডারেশনের শীর্ষ মহলের ইঙ্গিত পেয়েই জিমিকে দলে নেওয়ার ব্যাপারটা বিবেচনাধীন বলে জানিয়েছেন নির্বাচক কমিটির ওই সদস্য। তাঁর কথা, ‘বাস্তবতা মানতে হবে। জিমিকে বাদ দেওয়ার সময় এখনো হয়নি। ওর বিকল্পও দেখছি না।’