জিমিদের অনেক পাওয়ার মিশন
বাংলাদেশ হকি দল বেশির ভাগ সময়ই বিদেশে যায় একটা শঙ্কা সঙ্গে নিয়ে। কয় গোল যে খেতে হয়! তবে এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ কাপ) যাওয়ার আগে এই শঙ্কাটা থাকে না। এই টুর্নামেন্ট মানে বাংলাদেশ রাজা, অন্যরা প্রজা! অন্তত গত দুবার ২০০৮ ও ২০১২ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে সেটাই প্রমাণ করেছে।
এবারও প্রমাণ করতে হবে নিজেদের শ্রেষ্ঠত্ব। সেটা শুধু বর্তমান চ্যাম্পিয়ন বলেই নয়, এখানে চ্যাম্পিয়ন হলে মিলবে আগামী এশিয়া কাপের টিকিট। তাই এশিয়া কাপের ওঠার একটা তাড়না থাকছেই। এই সফর থেকে তাই বাংলাদেশ অনেক কিছুই পেতে পারে। আগামী মার্চে ঢাকায় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার উজ্জীবনী শক্তির জোগানও দিতে পারে এই টুর্নামেন্ট।
সেই লক্ষ্য নিয়েই গত রাতে হংকং রওনা হয়েছে জাতীয় দল। প্রতিপক্ষ দলগুলোর দিকে তাকালে কাজটা কঠিন মনে হয় না। তা ছাড়া অন্য সময় যেমন বাইরে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থাকে, এবার সেটিও নেই। কদিন আগে ইউরোপ সফরে গিয়ে অস্ট্রিয়া ও পোল্যান্ডের বিভিন্ন দলের সঙ্গে আটটি ম্যাচ খেলা হয়েছে, যার ৫টিতে ড্র করা গেছে, হার ৩টিতে।
এটাও যদি যথেষ্ট মনে না হয়, পেছনে থাকছে জার্মান-মস্তিষ্ক। কোচ অলিভার কার্টজ, টেকনিক্যাল ডিরেক্টর পিটার গেরহার্ড এর আগেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন। পিটার প্রধান কোচ, অলিভার সহকারী। এবার অলিভার প্রধান কোচ। এঁরা দুজন মিলে চাইছেন, বাংলাদেশ যেন ইউরোপের হকির ছোঁয়াটা রাখতে পারে মাঠে।
তারপরও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলে সেটা হবে বড় ব্যর্থতা। কথাটা কাল সংবাদ সম্মেলনে কোচ অলিভার কার্টজ বলেছেনও, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া উচিত আমাদের। সেটি না হলে বুঝব, আমি ভালো কোচ নই!’ কোচ ততটাই ভালো, যতটা তাঁর দল। কার্টজ খুশি এই ভেবে, তাঁর দলটি অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া। ফিটনেস হারানোয় গত ফেব্রুয়ারির এসএ গেমসে বাদ পড়া পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়ন ও মিডফিল্ডার কামরুজ্জামান রানা ফিরে আসায় শক্তিশালী হয়েছে দল।
তবে বড় খবর, ২০১২ সালের পর আবার অধিনায়কত্ব দেওয়া হয়েছে স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। এবং তিনিও কোচের সঙ্গে সুর মেলালেন। ফুরফুরে মেজাজে কথা বললেন, সফরটা তাঁর চোখেও সহজ হওয়ার কথা। তাই জয়ের ব্যবধান নিয়েও কথা এসেছে। এক প্রশ্নে জিমিকে এমন কথাও বলতে হয়েছে, ‘চ্যাম্পিয়ন হওয়াটা দায়িত্বই মনে করছি। একই সঙ্গে এটাও চাই ম্যাচগুলো যেন ভালোভাবে জিততে পারি।’
সেটা হলে অন্য দলগুলো বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখাবে। অলক্ষ্যে এই লক্ষ্যটাও সঙ্গী হয়েছে বাংলাদেশ দলের।
১৮ সদস্যের হকি দল: জাহিদ, রেজাউল, সিটুল, চয়ন, আশরাফুল, খোরশেদ, ইমরান, সারোয়ার, রোমান, কামরুজ্জামান, জিমি, মাইনুল, পুষ্কর, মিলন, কৃষ্ণ, তাপস, অসীম ও নিলয়।
গ্রুপিং ও ফিকশ্চার
এ গ্রুপ
বাংলাদেশ, চীনা তাইপে
হংকং ও ম্যাকাও
বি গ্রুপ
সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও উজবেকিস্তান
বাংলাদেশের ম্যাচ
১৯ নভেম্বর হংকং
২১ নভেম্বর চীনা তাইপে
২৩ নভেম্বর ম্যাকাও