জিমিদের কারণ দর্শাও নোটিশ
এশিয়া কাপ হকিতে ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটি হয়েছে। সেই কমিটির প্রতিবেদনে অন্য অনেকের সঙ্গে চার সিনিয়র খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান ও কামরুজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে শোনা যাচ্ছে। একটি পত্রিকায় এই খবর প্রকাশিত হওয়ার পর ওই চার খেলোয়াড় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। এ কারণে কাল তাঁদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ কাল জানিয়েছেন, ‘দুটি কারণে তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। প্রথমত, কোনো তদন্তাধীন বিষয়ে খেলোয়াড়দের বক্তব্য দেওয়া ঠিক না। কিন্তু তাঁরা সেটা দিয়েছেন, যা মোটেও উচিত হয়নি। দ্বিতীয়ত, হকি কর্মকাণ্ডের বাইরে তাঁরা মাঠ ব্যবহার করেছেন। এ জন্য ফেডারেশনের কোনো অনুমতিও নেননি তাঁরা।’ উল্লেখ্য, ওই চার খেলোয়াড় হকি মাঠে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এসব বিষয়ের ব্যাখ্যা চেয়ে জবাব দিতে বলা হয়েছে চার খেলোয়াড়কে। এ ব্যাপারে জিমির উত্তর, ‘আমিও এ রকম খবর শুনেছি। কিন্তু এখনো কোনো চিঠি হাতে পাইনি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’