বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৩ সালে দিল্লিতে ওই রাউন্ডে চীনকে হারিয়ে বেশ সাড়া ফেলেন রাসেল মাহমুদ জিমিরা। শেষ পর্যন্ত যদিও পরের রাউন্ডে আর ওঠা যায়নি। এবার সেটি সম্ভব বলে মনে করছে বাংলাদেশ দল। আগামী ৪ মার্চ ঢাকায় শুরু বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড নিয়ে আশায় আছেন খেলোয়াড়েরা।
দ্বিতীয় রাউন্ড পেরোলেই সেমিফাইনাল রাউন্ড, যেখানে বিভিন্ন আঞ্চলিক চ্যাম্পিয়ন-রানার্সআপরা খেলবে। বাংলাদেশ জানে ঢাকার এই পর্বে চ্যাম্পিয়ন হওয়া খুবই কঠিন। এখানে আছে মালয়েশিয়ার মতো দল। নিরাপত্তা-সমস্যাকে কারণ দেখিয়ে কানাডা আসছে না, বিকল্প দল হিসেবে মালয়েশিয়াকে পাঠিয়েছে আন্তর্জাতিক বিশ্ব হকি ফেডারেশন। শক্তি-সামর্থ্যে যারা বেশ এগিয়ে। চ্যাম্পিয়নের দাবিদার এ দলটির সঙ্গে ৪ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ।
তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় বলে মনে করছে বাংলাদেশ। তার চেয়ে বরং দ্বিতীয় স্থান পাওয়াটাই বাস্তবসম্মত আশা। সর্বশেষ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি যেমন বলেছেন, ‘মালয়েশিয়াকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া খুবই কঠিন। তাই আমাদের লক্ষ্য আসলে গ্রুপে রানার্সআপ হওয়া।’ টুর্নামেন্ট শুরুর আগে দলের সবার মুখে মোটামুটি এক আওয়াজ, ‘আমরা গ্রুপে রানার্সআপ হতে চাই।’
গ্রুপে রানার্সআপ হওয়া মানে ফিজি ও ওমানকে পেছনে ফেলতে হবে। ওমান এক বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের। তবে সবাই ভাবছেন, ঘরের মাঠে ওমানকে হারানো কঠিন নয়। তাই গ্রুপে দ্বিতীয় হতে পারলে স্থান নির্ধারণী লড়াইয়ের শুরুতে অন্য গ্রুপের তৃতীয় দলের সঙ্গে দেখা হবে। যে গ্রুপে আছে চীন, মিসর, শ্রীলঙ্কা ও ঘানা।
বাংলাদেশ মনে করছে শ্রীলঙ্কা বা ঘানার সঙ্গে পড়লে জেতা কঠিন নয় এবং সিঁড়ি ভেঙে গ্রুপের আট দলের লড়াইয়ে দ্বিতীয় সেরা হওয়া সম্ভব। কোচ অলিভার কার্টজও একই মন্ত্র জপছেন। খেলোয়াড়দের ব্রিফিংয়ে একটা কথাই বলছেন, ‘ঘরের মাঠে খেলা। দ্বিতীয় হয়ে পরের পর্বে পা রাখা মানে বাংলাদেশের হকির জন্য তা হবে নতুন ইতিহাস।’
বাংলাদেশ দলের জন্য সবচেয়ে ইতিবাচক সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান হকির সঙ্গে পরিচিত হতে পারা। গত কিছুদিনে ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছে বাংলাদেশ। কোচও ইউরোপিয়ান। সেটা মনে করিয়ে দিয়ে জিমি বলেছেন, ‘এই যে আমরা ইউরোপের ধাঁচে হকি খেলছি, এর ফল তো আসবেই।’ তা ছাড়া আগে সাইড বেঞ্চটা দুর্বল ছিল, এখন সেখানে অনেক মুখ, যাঁদের ওপর কোচ নির্ভর করতে পারেন। জিমির আশাটা ঠিক এখানেই বেড়ে যাচ্ছে।
অনুশীলনের সুবিধা চেয়ে হকি খেলোয়াড়দের কথা বলতে হয় সব সময়ই। তবু সে অর্থে সুযোগ-সুবিধা বাড়েনি। তবে কিছু পরিবর্তন এসেছে। এবার যেমন দলের সঙ্গে ট্রেনার হিসেবে আছেন দেশের সাবেক দ্রুততম মানব আবদুল্লাহ হেল কাফি। বিকেএসপি ছেড়ে সপ্তাহখানেক আগে দল ঢাকায় এসে ক্যাম্প করছে। অনুশীলন ম্যাচ খেলার সুযোগও সম্ভবত পাওয়া যাচ্ছে। ঘানা দলটা ২৩-২৪ তারিখের দিকেই চলে আসবে ঢাকায়। তাদের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।