জিমিদের নিয়ে কিনানের ক্লাস
খানিকটা চোট নিয়ে ডিফেন্ডার মামুনুর রহমান (চয়ন) মাঠের বাইরে বসে দেখছিলেন অনুশীলনপর্ব। মজা করে বললেন, ‘উনি সকাল থেকে অনুশীলন করিয়ে ক্লান্ত বানিয়ে ফেলেছেন খেলোয়াড়দের। ফিজিক্যাল ট্রেনিংটাই এখন মূলত করাচ্ছেন। দিন তিনেক পরে পুরোপুরি ম্যাচে যাবে। ইউরোপের ‘এ’ গ্রেড কোচ। খুব ভালো।’দিল্লিগামী বাংলাদেশ হকি দলের এই অনুশীলনটা কাল বিকেলে হচ্ছিল মওলানা ভাসানী স্টেডিয়ামে। বিদেশি কোচের অনুশীলন দেখে বাংলাদেশ দলের মূল কোচ মাহবুব হারুনের মন্তব্য, ‘ও চায় সব ইউরোপীয় ঘরানায় করতে। ইউরোপিয়ানদের মতো দ্রুত রানিং...। এটা করতে পারলে খুবই ভালো। কিন্তু হাতে তো সময় কম।’ যাঁকে নিয়ে এই কথা, সেই মিশেল কিনান খানিক আগেই অনুশীলন শেষ করে দেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের দেওয়া খণ্ডকালীন কোচের দায়িত্ব নিয়ে পরশু ঢাকায় এসেছেন ৪৩ বছর বয়সী বেলজিয়ান। কালই সকাল-বিকেল বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন। অভিজ্ঞতা জানালেন দিন শেষে, ‘সব ধরনের টেকনিকেই ছেলেরা স্বচ্ছন্দ। তবে এটা বল স্টিকে থাকলে। বল ছাড়া অন্য রকম। এখানেই বড় পার্থক্য। রক্ষণাত্মক টেকনিক ও মনোভাব রপ্ত করতে হবে। এটা নিয়ে বেশি কাজ করা দরকার।’ স্ট্রাইকার রাসেল মাহমুদকে বেশ কয়েকবারই ‘জিমি, জিমি’ বলে ডাকলেন। পেনাল্টি কর্নার নেওয়া, ছোট ছোট পাস...হিট অ্যান্ড রান, আরও অনেক কিছু দেখিয়ে দিলেন হাতেনাতে। কোচের প্রথম দিনের ক্লাস করে খেলোয়াড় শেখ মোহাম্মদ নান্নু বললেন, ‘কোচ আমাদের স্কোরিং দুর্বলতা নিয়ে কাজ করেছেন। আমরা মূলত দু্ই পাশ থেকে গোল বেশি পাই, তিনি মাঝখান দিয়ে গোল পাওয়ার কিছু কৌশল দেখিয়েছেন। এ ছাড়া ফিটনেসের ওপর জোর দিয়েছেন বেশি।’এক বছরে ছয়বার আসবেন। প্রতিবার থাকবেন আট-দশ দিন করে। একটা দল নিয়ে কাজ করার জন্য সময়টা যথেষ্ট নয়। তার পরও সংক্ষিপ্ত এই সময়ে বাংলাদেশ দলে নতুন কী ধারণাটা তিনি প্রয়োগ করতে চান?‘নতুন কিছু ধারণা আমি খেলোয়াড়-ফেডারেশনের সঙ্গে বিনিময় করব। এখানে যা দেখলাম, খেলার সরঞ্জাম বদলাতে হবে। অনুশীলনের জন্য অনেক বেশি বল দরকার। খেলোয়াড়দের প্রয়োজন অনেক আর্থিক সহায়তা’—বললেন কিনান।দিল্লিতে ১৮-২৪ ফেব্রুয়ারি বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে খেলছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বেলজিয়ামের পক্ষে প্রাক-বিশ্বকাপ খেলা এই সাবেক মিডফিল্ডারের কথা, ‘ফিজি-ওমানের সঙ্গে বাংলাদেশ কিছু করতে পারে। ভারত, চীন ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে শেখার ম্যাচ হিসেবেই দেখতে হবে।’ সম্ভাবনা তাহলে নেই? উত্তর, ‘আমি তা নাকচ করছি না।’বাংলাদেশ হকি ফেডারেশন চাইলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেবেন? এবার সরাসরি ‘না’, ‘কোনো সুযোগ নেই। বেলজিয়ামে আমার পরিবার থাকে। একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি। কাজ করছি আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গে। বাংলাদেশে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই।’