জিমিদের বার্তা দিয়ে রাখল ঘানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে দুই দলের অধিনায়কের ভিন্ন অভিব্যক্তি। ঘানার অধিনায়ক সালিয়া এনসালবিনি ভীষণ খুশি। বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমির চেহারায় হতাশা। প্রস্তুতি ম্যাচ হলেও র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ (বাংলাদেশ ৩২, ঘানা ৩৮) পেছানো ঘানার কাছে ২-০ গোলে হারটা মানতে পারছিলেন না জিমি।

৪ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। টুর্নামেন্টের আগে ঘানার সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। প্রথমটি হয়েছে গতকাল। পরের দুটি আগামীকাল ও ১ মার্চ।

সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ঘরানার ‘পাওয়ার হকিতে’ অভ্যস্ত ঘানা। কাল সেই শক্তি ভালোই দেখিয়েছে দলটি। তুলনায় বাংলাদেশ আক্রমণে পিছিয়ে ছিল অনেক। মার্কিং, পেনাল্টি কর্নার থেকে গোল আদায়, রিসিভিং, পাসিং—কোনো কিছুই ছক মেনে হয়নি বাংলাদেশের। পাঁচটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি মামুনুর রহমান চয়ন, মোহাম্মদ আশরাফুল ও খোরশেদ।

তবে কোচ অলিভার কার্টজ এ নিয়ে চিন্তিত নন, ‘আমার কাছে এটা বড় সমস্যা নয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ছেলেরা টানা অনুশীলন করতে করতে একটু ক্লান্তও ছিল বলে এমন হয়েছে। সবার ফিটনেস ভালো। আরও দুটি ম্যাচ সামনে আছে। আশা করি, বাংলাদেশ ওই দুটি ম্যাচে ভালো খেলবে।’ তবে নির্ভার হতে পারছেন না পুরোপুরি, ‘ছেলেদের মার্কিং নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। কারণ আমরা একটু অন্য রকম কৌশল নিয়ে খেলার চেষ্টা করেছি। এটা হয়তো ছেলেরা ততটা মানিয়ে নিতে পারেনি। তা ছাড়া আজ একটা বাজে দিনই গেছে আমাদের। কেউই ভালো খেলেনি।’ এই হারটা তাই জিমিদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন হকি ফেডারেশনের অনেকে।

৫ মার্চ ফিজি এবং ৭ মার্চ ওমান ম্যাচ নিয়ে হয়তো খুব দুর্ভাবনা নেই বাংলাদেশের। তবে ৪ মার্চ মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই দিতে হবে বড় পরীক্ষা। টুর্নামেন্টে রানার্সআপ হয়ে পরের পর্বে যেতে চায় বাংলাদেশ। সে ক্ষেত্রে গ্রুপে দ্বিতীয় হতে চাইছে স্বাগতিক দল।