বাংলাদেশ ৬: ৩ ওমান হাতেগোনা কয়েক দিনের প্রস্তুতি। ব্যাংককে যাত্রার আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে মাত্র দুটি। এএইচএফ কাপে ‘চ্যাম্পিয়ন’ তকমাটা ধরে রাখা ছিল বাংলাদেশ হকি দলের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছে বাংলাদেশ। অর্থাৎ, এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন লাল-সবুজের দল। ফাইনালে বাংলাদেশ দলকে আটকাতে পারেনি ওমান। ব্যাংককের কুইন সিরিকিত হকি স্টেডিয়ামে ওমানের বিপক্ষে জয়টা এসেছে ৬-৩ গোলে।সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে ঘাম ঝরেছিল বাংলাদেশের। মাঝখানে এক দিনও বিশ্রাম ছিল না। কাল ফাইনালের শুরুতেই তাই একটু আড়ষ্ট ছিলেন জিমি-চয়নরা। শুরুতেই গোল হজম। তবে ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ১-১ করে দেন মামুনুর রহমান (চয়ন)। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই মামুনুর। এবারও গোল পেনাল্টি কর্নারে। ২৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে। এই গোলটি করেন কৃষ্ণ কুমার।প্রথমার্ধে আর গোল হয়নি। ৩৮ মিনিটে কৃষ্ণ ও ৪৮ মিনিটে ইকবাল নাদির গোল করে বাংলাদেশের জয়টা হাতের মুঠোয় ভরে ফেলেন। তবে ৫-১ স্কোরলাইন মুহূর্তেই হয়ে যায় ৫-৩। ম্যাচে ফেরার চেষ্টায় মরণকামড় দেয় ওমান। কিন্তু ৬৫ মিনিটে আরেকটি গোল করেন কৃষ্ণ। ওমানের মেরুদণ্ড তাতে ভেঙে যায়।ফাইনালের আগে বাংলাদেশ দল চীনা তাইপে ৪-২, সিঙ্গাপুরকে ৪-১, থাইল্যান্ডকে ৯-০, শ্রীলঙ্কাকে ৫-৩ গোলে হারিয়েছিল। গোটা টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি অধিনায়ক রাসেল মাহমুদ (জিমি)। ব্যাংকক থেকে টেলিফোনে বললেন, ‘আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। একটা দল হয়ে খেলেছি। এ জন্যই সাফল্য এসেছে। খুবই ভালো লাগছে আমাদের।’ মাত্র অল্প কয়েক দিনের প্রস্তুতিতেও শিরোপাটা ধরে রাখতে পেরে খুশি কোচ মাহবুব হারুনও। ২০০৮ সালে সিঙ্গাপুরে সর্বশেষ এএইচএফ কাপে দলকে চ্যাম্পিয়ন করা জাতীয় দলের এই সাবেক খেলোয়াড় বললেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে খেলেছি। ছেলেরা আমার পরিকল্পনা ভালোভাবে মাঠে কাজে লাগিয়েছে।’আগামী বছর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলার টিকিট আগের ম্যাচেই পেয়েছিল বাংলাদেশ। তবে এখানেই থেমে থাকতে চান না রাসেল মাহমুদ। তাঁর দৃষ্টি এখন এশিয়া কাপে, ‘এখনো আমাদের হাতে এক বছর সময় আছে। এই টুর্নামেন্টের পর কোথায়, কবে আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে, সেটা জানি না। তবে এখন থেকেই এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে, যেন বরাবরের মতো টুর্নামেন্ট শুরুর মাস দুয়েক আগে ক্যাম্প করতে না হয়।’ব্যাংককের স্টেডিয়ামে কালও ছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি। লাল-সবুজের পতাকা নিয়ে তাঁরা সমর্থন দিয়েছেন দলকে। ঢাকা থেকে ব্যাংককে যাওয়া মোহামেডান হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ এই জয়ে দেড় লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন। চাকরির নিশ্চয়তা দিয়েছেন অধিনায়ক রাসেল মাহমুদকে।আজ দেশে ফিরবে বাংলাদেশ দল।