জিমির টুর্নামেন্টে মোহামেডান চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের নাম স্বাধীনতা কাপ হকি। চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে সব ছাপিয়ে এটি আসলে ‘রাসেল মাহমুদ জিমির টুর্নামেন্ট’। চার ম্যাচে ১৪ গোল। সাদা-কালো জার্সি গায়ে প্রথম ম্যাচে ডাবল হ্যাটট্রিক। কাল ফাইনালে ঊষার বিপক্ষে মোহামেডানের ২-১ জয়েও জিমির গোল একটি।প্রথমার্ধটা দুই দলই খেলল আক্রমণ-পাল্টা আক্রমণে। কিন্তু গোল হয়নি। ৪৮ মিনিটে দলের দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে মোহামেডানকে এগিয়ে দেন কামরুজ্জামান। মিনিট দশেক পরই গোটা টুর্নামেন্টে নজরকাড়া জিমির স্টিকে ঝলক। ৫৮ মিনিটে গোল পেলেন, ব্যবধান হলো দ্বিগুণ।এতক্ষণ দারুণ লড়ে যাওয়া ঊষা হাল ছাড়েনি। ৬৪ মিনিটে একটা গোল শোধও করে দিয়েছে। রাব্বি সালেহীন করেছেন সেই গোল। দারুণ এক রিভার্স হিটে বল মোহামেডানের পোস্টে পাঠিয়েছেন বিকেএসপির এই তরুণ।এ মৌসুমে হকিতে সেরা দল গড়ে প্রথম টুর্নামেন্টে মোহামেডানের শিরোপা জয়টা প্রাপ্যই ছিল। দাবা এবং মহিলা হ্যান্ডবলের পর স্বাধীনতা কাপ হকিও জয়—সাদা-কালোদের জন্য স্মরণীয় এক মৌসুমই কাটছে। হকি অঙ্গনের জন্য সবচেয়ে বড় সুখবর অবশ্য অনেক দিন পর কোনো বিতর্ক ছাড়াই একটা টুর্নামেন্ট শেষ হওয়া। মওলানা ভাসানী স্টেডিয়ামে কালকের ফাইনালে মাঠের খেলা ছিল পরিচ্ছন্ন। ফাইনাল শেষে কোনো দলেরই কোনো অভিযোগ নেই। তবে দু-তিন হাজার দর্শকে ঠাসা ভিআইপি বক্সে দুই দলের সমর্থকেরা বিরতির কিছু আগে মারপিটে জড়াল ঠিকই। হকি ফেডারেশনকে এসব নিয়ন্ত্রণ করতে বেশ হিমশিম খেতে হয়েছে। ম্যাচের পর মাঠে অবাধে ঢুকে পড়েছে কয়েক শ দর্শক। ঊষা হারলেও প্রশংসা আদায় করে নিয়েছে সবার। বাপ্পি, তুহিন, কুটি, নিয়ল, প্রিন্স, শহিদুল্লাহ টিটুদের সঙ্গে বিকেএসপির তরুণদের সমন্বয় ছিল দারুণ। তবে ঘরোয়া হকির সবচেয়ে দামি খেলোয়াড় সাদা-কালোর চয়ন হতাশই করছেন। শরীরের ওজন বেড়ে গেছে অনেক। পেনাল্টি কর্নার মানেই চয়নের গোল—এত দিন ধরে এটাই দেখে আসছিল সবাই। স্বাধীনতা কাপে সেভাবে পাওয়াই যায়নি চয়নকে। তবে জিমির স্বরূপে ফেরাটা হকির জন্য বড় সুখবর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘এত দিন নানা পজিশনে খেলেছি। এই টুর্নামেন্টে খেললাম আমার আসল জায়গা সেন্টার ফরোয়ার্ড হিসেবে। তাই অনেক গোল পেয়েছি। একই সঙ্গে আত্মবিশ্বাসও ফিরে পেয়েছি।’