জার্মানিতে অনুশীলন ক্যাম্প, অস্ট্রিয়া ও পোল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ। এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর কীই-বা হতে পারত বাংলাদেশ দলের জন্য? চলতি মাসের প্রথম সপ্তাহে ইউরোপ থেকে ফেরা বাংলাদেশ হকি দলের হংকংয়ে আজ আসল লড়াই। এএইচএফ কাপ হকিতে আজ প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক হংকংয়ের সঙ্গে। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবেন জিমিরা। হংকং ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে চীনা তাইপে ও ম্যাকাও। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচ ২১ ও ২৩ নভেম্বর; প্রতিপক্ষ চীনা তাইপে ও ম্যাকাও।
এএইচএফ কাপের এই পঞ্চম আসের বাংলাদেশ অবিসংবাদিত ফেবারিট। ২০০৮ সালে সিঙ্গাপুরে ও ২০১২ সালে থাইল্যান্ডে হওয়া আগের দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ঢাকা ছেড়েছে দল। তবে প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চান দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ‘জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে পারব বলে আশা করছি।’ কোচ অলিভার কার্টজের কণ্ঠেও একই সুর। এশিয়ান হকি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এই জার্মান কোচ বলেছেন, ‘অবশ্যই টুর্নামেন্ট জিততে চাই আমরা। হকিতে উন্নতি করতে হলে আমাদের ইউরোপিয়ান ট্যাকটিকস শিখতে হবে। বল নিয়ন্ত্রণে ছেলেদের ইউরোপের কৌশলগুলো রপ্ত করতে হবে। এ জন্যই দলকে কিছুদিন ইউরোপে রেখে অনুশীলন করিয়েছি।’