জিমিরা যাচ্ছেনই না ক্যাম্পে?
আগে দলবদলের তারিখ দেওয়া হোক। তারপর জাতীয় দল। এই কঠোর অবস্থানেই অনড় সার্ভিসেস দলের বাইরে থাকা জাতীয় দলের হকি খেলোয়াড়েরা। যে কারণে এসএ গেমসের ক্যাম্পেও যোগ দিচ্ছেন না তাঁরা।
যোগাযোগ করা হলে জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি কাল বললেন, ‘আমি ক্যাম্পে যাচ্ছি না। কাল (আজ) চিঠি দিয়ে দেব।’ আরেক স্ট্রাইকার পুস্কর খীসা মিমোর কথা, ‘এখন পর্যন্ত “যাব না” সিদ্ধান্তেই আছি। কাল সবাই বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত বদলের সম্ভাবনা কম।’
মাহবুব হারুনকে কোচ করায় অনেকেই আশান্বিত হয়েছিলেন, সমস্যার বুঝি সমাধান হতে যাচ্ছে। কারণ, এই খেলোয়াড়েরা সবাই হারুনের শিষ্য। তবে এ বছর দলবদল ও লিগ না হওয়ায় খেলোয়াড়েরা তাঁদের রুটি-রুজির বিষয়টিকেই নিয়ে আসছেন সামনে। ফেডারেশন দলবদল দিতে পারছে না, মোহামেডানসহ চারটি দল তো আগে থেকেই প্রিমিয়ার লিগ না খেলার সিদ্ধান্তে অনড়। সঙ্গে আরেক বড় দল ঊষাও বলেছে, সব দল না এলে তারাও খেলবে না।
ফেডারেশন পড়েছে ভালোই গ্যাঁড়াকলে। এতদিন ঘরোয়া হকি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার জাতীয় দলেও পড়তে যাচ্ছে এর অশুভ ছায়া। যদিও ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলছেন, ‘যাঁরা আসবে না, তাঁদের বাদ দিয়েই হবে ক্যাম্প।’