জিম্বাবুইয়ান ক্রিকেটের সেই সময়
দুজনই চোখের জলে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। একজন মাত্র ৩০ বছর বয়সে, অন্যজন ৩১-এ। জিম্বাবুইয়ান ক্রিকেটে সাদা-কালো বিতর্ক অকালে শেষ করে দিয়েছে তাঁদের ক্যারিয়ার। সেই দুঃখ ভুলে সাবেক দুই অধিনায়ক জিম্বাবুয়ের ক্রিকেটকে আবার সোনালি দিনে ফেরানোর লড়াইয়ে নেমেছেন। জিম্বাবুয়ের প্রধান নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল ও বোলিং কোচ হিথ স্ট্রিককে একসঙ্গে বসিয়ে সেই টালমাটাল সময়টা নিয়ে কথা বললেন উৎ পল শুভ্র জিম্বাবুইয়ান ক্রিকেটের স্বর্ণযুগের সদস্য আপনারা দুজন—সেই দলটার কথা ভাবলে কী মনে পড়ে?হিথ স্ট্রিক: ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত আমাদের দলটা ছিল অনেক পরিশ্রমের ফসল। দারুণ কিছু খেলোয়াড় ছিল—ফ্লাওয়ারস, অ্যালিস্টার (ক্যাম্পবেল), আমি, নিল জনসন, মারে গুডউইন, হেনরি ওলোঙ্গা, স্ট্র্যাং...পল স্ট্র্যাং আর অ্যাডাম হাকল দুজন লেগ স্পিনার ছিল...সব মিলিয়ে আমাদের দলটা ছিল খুব ব্যালান্সড। শুধু ওয়ানডে নয়, টেস্টেও আমরা অন্য দলগুলোর সঙ্গে সমানে সমানে লড়তে শুরু করেছিলাম। জিম্বাবুয়ে ক্রিকেট ক্রমেই ওপরের দিকে উঠছিল।অ্যালিস্টার ক্যাম্পবেল: যেকোনো খেলাতেই আপনি যত খেলবেন ততই অভিজ্ঞতা হবে, ততই ভালো খেলবেন। আমাদের ক্ষেত্রে তা-ই হয়েছিল। অ্যান্ডি ফ্লাওয়ার ও স্ট্রিকি নিজেদের বিশ্বমানে নিয়ে গিয়েছিল। দলে দুজন বিশ্বমানের খেলোয়াড় বাকিদেরও আরও ভালো খেলতে অনুপ্রাণিত করত। আরেকটি ব্যাপার ছিল, আমাদের মানসিকতা। আমরা সবাই ছিলাম ফাইটার। সব দলই জানত জিম্বাবুয়েকে সহজে হারানো যাবে না, ওরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে। তৃতীয় আরেকটা ব্যাপার ছিল, সে সময় জিম্বাবুয়েতে খেলোয়াড় সংখ্যা খুব বেশি ছিল না বলে আমরা প্রত্যেকে প্রত্যেকের সম্পর্কে আগাপাছতলা জানতাম। শুধু খেলাই না, সবার পছন্দ-অছন্দ, মানসিকতা সবই। এটা আমাদের সুসংঘবদ্ধ একটা দলে পরিণত করেছিল। ১৯৯৯ পর্যন্ত চার-পাঁচ বছর আমরা অনেক হেরেছি। হেরেছি, আবার শিখেছিও। ১৯৯৯ থেকে ২০০২ সময়টা ছিল জিম্বাবুয়ের সেরা সময়। তবে ক্রিকেটটা তো তখনো ‘শুধুই সাদাদের খেলা’ হয়ে ছিল, তাই না?ক্যাম্পবেল: হ্যাঁ, ক্রিকেটটা মূলত সাদাদেরই খেলা ছিল। তবে ওলোঙ্গা-মবংওয়ার মতো কালো খেলোয়াড়েরাও উঠে আসছিল। কর্তৃপক্ষ যতটা চাইছিল, ততটা হয়তো নয়। পরিবর্তন দরকার ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ১২-১৩ মিলিয়ন লোকের দেশে ক্রিকেটে আরও বেশি মানুষের অংশগ্রহণ প্রয়োজন ছিল। সেই পরিবর্তনের ফসলই আজ দেখতে পাচ্ছেন। তবে এই পর্যায়ে আসতে যে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যেতে হলো, সেটির প্রয়োজন ছিল না। এটা একদিন স্বাভাবিকভাবেই হতো। আমাদের সাফল্য দেখে কালোরাও ক্রিকেটে আগ্রহী হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই এর বিকাশ হতো। এখানে সাদা-কালোর ব্যাপারটা তো দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের মতো কিছু ছিল না, তাই না?ক্যাম্পবেল: না, না এখানে ঘটনা ও রকম কিছু ছিল না। কালোরা ফুটবলটাই বেশি খেলত, এই যা। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। তৃণমূল পর্যায়ে প্রচুর কালো ক্রিকেটার খেলতে শুরু করেছিল...এটা ছিল শুধুই সময়ের ব্যাপার। ৬-৭ বছরের কাউকে জাতীয় দলে দেখতে তো ১৫ বছর অপেক্ষা করতেই হবে। কিন্তু রাজনীতিবিদেরা এটাই বুঝতে চাননি। দলে কেন আরও কালো খেলোয়াড় নেই—এই প্রশ্ন তুলে রাতারাতি এটা করতে চাওয়াতেই মাঝখানের এই ঝামেলাটা হয়েছে। ২০০৪ সালে দ্বিতীয়বার জিম্বাবুয়েতে এসেই বুঝতে পেরেছিলাম, ঝামেলা একটা হতে যাচ্ছে। স্ট্রিক আপনি বলবেন, ঝামেলাটা কীভাবে শুরু হলো?স্ট্রিক: সমস্যার শুরু নির্বাচনে কোটা পদ্ধতি নিয়ে। যোগ্যতার পরিবর্তে গাত্রবর্ণের ভিত্তিতে দল নির্বাচন নিয়েই সমস্যা। নির্বাচনে অনেক লোক হস্তক্ষেপ করতে শুরু করল। এতে দলে একটা অস্থিরতার সৃষ্টি হলো। বিশেষ করে তরুণ খেলোয়াড়েরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়ল। অ্যালিস্টার যেমন বলল, পালাবদলের ব্যাপারটা স্বাভাবিকভাবে ঘটতে দিলেই হতো। অনেক তরুণ কালো খেলোয়াড় উঠে আসছিল। একটু অপেক্ষা করলেই হতো। পরে সবাই তা বুঝতেও পেরেছে। কখন এসে আপনারা খেলোয়াড়েরা সিদ্ধান্ত নিলেন, অনেক হয়েছে, আর নয়। এবার দলবেঁধে বিদ্রোহ করার সময়?স্ট্রিক: কোনো একটা সিরিজের আগে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত দল অনুমোদন হয়ে যাওয়ার পরও যখন তাতে পরিবর্তন করতে বলা হলো। বলা হলো, আরও কালো খেলোয়াড়কে দলে নিতে। এতেই দলের তরুণতর খেলোয়াড়দের মধ্যে একটা বিস্ফোরণ ঘটল। বোর্ডও মন খুলে কেন কী করতে চাচ্ছে, ভালোভাবে আমাদের তা বুঝিয়ে বলেনি। ও সব নিয়ে কথা বললে এখনো মন খারাপ হয়ে যায়। কারণ ওই ঘটনা আমাদের আন্তর্জাতিক ক্যারিয়ার অকালেই শেষ করে দিয়েছে।ক্যাম্পবেল: আমি অবশ্য আগেই সরে দাঁড়িয়েছিলাম। ২০০৩ বিশ্বকাপের আগেই বুঝে ফেলেছিলাম, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ওই বিশ্বকাপের দলে আমি ছিলাম না। বিশ্বকাপে অ্যান্ডি ফ্লাওয়ার ও হেনরি ওলোঙ্গার কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদের ঘটনার পর বিশ্বকাপ শেষেই আমি অবসর নিয়ে ফেলি। তখন আমি মাত্র ৩০। আরও ছয় বছর হয়তো খেলতে পারতাম। ক্যারিয়ার-জীবন সব এলোমেলো হয়ে যাওয়ায় বোর্ডের প্রধান নির্বাহীর রুমে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। এখন আমরা সবাই বুঝি, দুই পক্ষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল। দুই পক্ষের উগ্রপন্থীদেরই সরিয়ে রেখে যদি ভালো কোনো মধ্যস্থতাকারী পাওয়া যেত, তাহলে হয়তো পরিস্থিতিটা এড়ানো যেত। অ্যান্ডি ফ্লাওয়ার ও হেনরি ওলোঙ্গার কালো আর্মব্যান্ড পরে খেলতে নামার ব্যাপারটি কি আপনারা আগেই জানতেন?স্ট্রিক: না, আমি জানতাম না। টসের পর প্রথম জানতে পারি। আমার কাছে ঘটনাটা তাই বড় একটা ধাক্কা হয়েই এসেছিল।ক্যাম্পবেল: আমি জানতাম। বিশ্বকাপের আগে অ্যান্ডি আমার ফ্ল্যাটে এসে কথাটা গোপন রাখার শপথ করিয়ে আমাকে বলেছিল। অ্যান্ডি নীরবে বিদায় নিতে চায়নি। রাজনৈতিক, অর্থনৈতিক—সবদিক থেকেই জিম্বাবুয়ের জন্য তখন খুব কঠিন সময়। পুরো দেশের টালমাটাল অবস্থা। অ্যান্ডির মনে হয়েছিল, যেভাবেই হোক একটা প্রতিবাদ করা উচিত। খুব সাহসের ব্যাপার ছিল ওটা। অন্য ভূমিকায় হলেও আবার যে জিম্বাবুইয়ান ক্রিকেটে ফিরে এলেন, সেটির প্রেক্ষাপট কী?স্ট্রিক: আমার ফিরে আসায় অ্যালিস্টারের ভূমিকাই সবচেয়ে বড়। ও নিজে ফিরে আমাকে ফোন করে ওর সঙ্গে যোগ দিতে বলে। আমি খেলোয়াড় হিসেবে ফিরতেই পছন্দ করতাম। কিন্তু ফিরলাম কোচ হয়ে। কাজটা কঠিন, কারণ অভিজ্ঞ সব খেলোয়াড়ের বিদায়ে হঠাৎ সৃষ্ট ওই শূন্যতার কারণে এই খেলোয়াড়দের যথেষ্ট ক্রিকেটজ্ঞান নেই। অ্যালিস্টার, আপনি কীভাবে ফিরলেন? বোর্ড থেকে কেউ ফেরানোর উদ্যোগ নিয়েছিল?ক্যাম্পবেল: বোর্ডের এমডি ওজিয়াস ভূতে আমাকে ফোন করে বললেন, সব ভুলে সামনে তাকানো যায় কি না। আমরা আলোচনা করলাম, কিছু মানদণ্ড ঠিক করলাম। এখন যোগ্যতার ভিত্তিতেই দল নির্বাচন হয়। সাবেক খেলোয়াড়েরা নানাভাবে যুক্ত হয়েছেন। স্ট্রিক আছে, গ্রান্ট ফ্লাওয়ার, গ্যারি ব্রেন্টও...ডেভ হাউটন মাঝেমধ্যেই এসে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন। সব মিলিয়ে আমার বিশ্বাস, সামনে আবার সুদিন আসছে।