সুযোগটা কি কাজে লাগাতে পারবে জিম্বাবুয়ে? পারবে নিজেদের টেস্ট ইতিহাসের একাদশ জয়টি তুলে নিতে? হারারে টেস্টের তৃতীয় দিন শেষেও ম্যাচের লাগামটা নিজেদের হাতে তারা রেখেছে বটে, কিন্তু শেষ পর্যন্ত কী হবে নিশ্চিত বলা যাচ্ছে না। ৬ উইকেট হাতে রেখে পাকিস্তান এগিয়ে গেছে ৯০ রানে। অনভিজ্ঞ জিম্বাবুইয়ানদের হতাশ করার জন্য প্রস্তুত ৮৩ টেস্টের অভিজ্ঞতায় সমৃদ্ধ ইউনিস খান। তৃতীয় দিন শেষে ৭৬ রানে অপরাজিত প্রায় সাত হাজার টেস্ট রানের মালিক।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২৩ রানে নেই ৩ উইকেট। প্রথম ইনিংসের মতোই এবারও পাকিস্তানের বিপর্যয় সামলানোর দায়িত্বটা কাঁধে তুলে নেন অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রথম ইনিংসে আজহার আলীকে নিয়ে চতুর্থ উইকেটে ৯৩ রান যোগ করা মিসবাহ এবার ইউনিসের সঙ্গে যোগ করেন ১১৬ রান। প্রথম ইনিংসের ৫৩-এর পিঠে ‘মিস্টার ফিফটি’ এবার করলেন ৫২।
আগের দিন ৭ উইকেটে ২৮১ রান নিয়ে দিন শেষ করা জিম্বাবুয়ে কাল অলআউট হওয়ার আগে যোগ করে আরও ৪৬ রান, যার ২৯টিই এলটন চিগুম্বুরার। টেস্টে তৃতীয় ফিফটি পাওয়া এই অলরাউন্ডার করেছেন ৬৯ রান। জিম্বাবুয়ের শেষ তিনটি উইকেটই পেয়েছেন সাঈদ আজমল। ইনিংসে ৯৫ রান দিয়ে মোট ৭ উইকেট, ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৭ উইকেট পেলেন পাকিস্তানি অফ স্পিনার। তথ্যসূত্র: ক্রিকইনফো।