জিম্বাবুয়ে যাচ্ছে না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। নিশ্চিত হয়েছিল টেলিভিশন সম্প্রচারের ব্যাপারটিও। তবে সব আনুষ্ঠানিকতা শেষে এখন বেঁকে বসেছে ভারত। জুলাইয়ে নির্ধারিত সফরে যাচ্ছে না তারা।
আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে ভারতীয় দল। এরপর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ। ভারতীয় বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে আগামী জুলাইয়ে ভারতীয় ক্রিকেটাররা ‘ক্লান্ত’ থাকবেন। এ কারণে জিম্বাবুয়ে সফর স্থগিত করা হয়েছে।
ভারতীয় বোর্ডের দাবি, জিম্বাবুয়ে দলের প্রতি পূর্ণ ‘শ্রদ্ধা’ তাদের রয়েছে। জুলাইয়ে সফরে না গেলেও ভবিষ্যতে কোনো একসময় সফরে গিয়ে প্রতিশ্রুতি রাখবে তারা। ভারতীয় বোর্ড মুখে যা-ই বলুক না কেন, এটা যে দুর্বল জিম্বাবুয়ের প্রতি তাদের অবজ্ঞার স্পষ্ট বহিঃপ্রকাশ, তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের  সফর স্থগিতের এই সিদ্ধান্ত এখনো জানে না জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এ সম্পর্কে কিছু জানানো হয়নি সম্প্রচার প্রতিষ্ঠান ‘সুপারস্পোর্ট’কেও।
ভারতের জিম্বাবুয়ে সফর স্থগিতের ব্যাপারে কিছু জানেন না জানিয়ে সুপারস্পোর্টের একজন মুখপাত্র বলেন, ‘এ ধরনের কোনো খবর আমরা জানি না। নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি সম্প্রচারের অপেক্ষায় আছি আমরা।’