জিম্বাবুয়েকে ছিটকে দিলেন ইউনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ইউনিস  ওয়েবসাইট
সেঞ্চুরির পর ইউনিস ওয়েবসাইট

অভিজ্ঞতার কাছেই মার খেল জিম্বাবুয়ে। নির্দিষ্ট করে বললে জিম্বাবুইয়ানরা মার খেল ইউনিস খানের কাছে। ৮৩ টেস্টের অভিজ্ঞতায় ঋদ্ধ পাকিস্তানি ব্যাটসম্যান প্রায় একাই ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। তাঁর অপরাজিত ডাবল সেঞ্চুরিতেই হারারে টেস্টের চতুর্থ দিনে জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচের লাগামটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে পাকিস্তান। প্রসপার উতসেয়াকে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন ইউনিস। অধিনায়ক মিসবাহ যেন এ মুহূর্তটারই অপেক্ষায় ছিলেন, সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেছেন ৯ উইকেটে ৪১৯ রানে। আর তাতেই জিম্বাবুয়ের সামনে ছুড়ে দেওয়া গেছে ৩৪২ রানের লক্ষ্য। দিন শেষে ৭.৩ ওভার ব্যাট করে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে তুলেছে ১ উইকেটে ১৩ রান।
অথচ দিনের শুরুটা কী দারুণভাবেই না করেছিল জিম্বাবুয়ে। প্রথম ওভারেই মুখোমুখি হওয়া প্রথম বলে আসাদ শফিককে ফিরিয়েছিল তারা। জিম্বাবুয়ের উৎসবকে এর পর ইউনিস ফিকে করে দেন উইকেটকিপার আদনান আকমলের সঙ্গে ১১৮ রানের জুটি গড়ে। ক্যারিয়ার-সর্বোচ্চ ৬৪ রান করে ফিরেছেন আকমল ভাইদের তৃতীয়জন। ইউনিস ২২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লাঞ্চের আগেই ২২১তম বলে। লাঞ্চ ও চা-বিরতির মাঝে ২৯ ওভারে মাত্র ৫১ রান তোলে পাকিস্তান। মন্থর এই ব্যাটিংয়ের কারণেই কিনা বিরতির পর গতি বাড়াতে গিয়ে দ্রুত কিছু উইকেট হারায় দলটি। ৩৩১ রানে যখন নবম উইকেট পড়ে, ইউনিস দাঁড়িয়ে ১৪৯ রানে। যেখানে সংশয় দেড় শ নিয়েই, হয়ে গেল ডাবল সেঞ্চুরি। ইউনিস অবশ্যই ধন্যবাদ দিয়েছেন ফাস্ট বোলার রাহাত আলীকে। দশম উইকেটে রেকর্ড ৮৮ রানের জুটিতেই তো দুই শ করার সুযোগ পেলেন ইউনিস। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দশম জুটিতে এটাই সর্বোচ্চ। ক্যারিয়ার-সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন রাহাত। এই নিয়ে টেস্টে চারটি দুই শ ছাড়ানো ইনিংস খেলে মোহাম্মদ ইউসুফ ও জহির আব্বাসকে ছুঁয়েছেন ইউনিস। পাকিস্তানিদের মধ্যে ছয়টি ডাবল সেঞ্চুরি নিয়ে তাঁর ওপরে শুধু জাভেদ মিয়াঁদাদ। তথ্যসূত্র: ক্রিকইনফো ও টেন ক্রিকেট।