২০০২ সালে বুলাওয়ে টেস্টে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন সাকলায়েন মুশতাক। এবার হারারে টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট পেলেন সাকলায়েনের উত্তরসূরি সাঈদ আজমল। মাঝের ১১ বছরে জিম্বাবুয়েতে টেস্টের কোনো ইনিংসে ৭ উইকেট নিতে পারেননি কোনো স্পিনার। ৯৫ রানে ৭ উইকেট, জিম্বাবুয়ের মাটিতে সেরা বোলিংয়ের তালিকায় পাঁচে রেখেছে (স্পিনারদের মধ্যে তিনে) আজমলকে। ১৯৯৫ সালে হারারেতে ৭১ রানে ৮ উইকেট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। পাঁচ বছর পর বুলাওয়েতে ১০৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের লেগ স্পিনার পল স্ট্র্যাং। ইনিংসে ৮ উইকেট এই দুটিই। জিম্বাবুয়েতে ৭ উইকেট নেওয়া অন্য দুই বোলার ভারতের ইরফান পাঠান (৭/৫৯) ও শ্রীলঙ্কার রবীন্দ্র পুষ্পকুমারা (৭/১১৬)।