জিম্বাবুয়ের পেছনে পড়ার পর...
মিরপুরের একাডেমি মাঠে কাল বিকেলে মোহামেডানের অনুশীলনে এসে অবাক হয়ে একটা ব্যাপার খেয়াল করলেন মাশরাফি বিন মুর্তজা। অনুশীলনের মধ্যে সবার মনোযোগ কেড়ে নিচ্ছিল পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্ট! জিম্বাবুয়ে কি পারবে পাকিস্তানকে হারাতে?
জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় দ্বৈরথটা এমনই যে, দূর থেকেও এই দুই দেশ পরস্পরের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে। নইলে জিম্বাবুয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতলেই কী আর হারলেই কী!
জিম্বাবুয়ের জয়-পরাজয়ে আসলেই কিছু আসত যেত না। হারারেতে কাল পাকিস্তানকে ২৪ রানে হারানোর সুবাদে দলটা বাংলাদেশকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে এসেছে ঠিক, কিন্তু এ ম্যাচে জিম্বাবুয়ে হারলেও র্যাঙ্কিংয়ে অদল-বদলটা হতোই। ২০০৫-এর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসনে যাওয়া আফ্রিকান দেশটি টেস্টে ফেরে ২০১১ সালের আগস্টে। প্রত্যাবর্তন টেস্টেই বাংলাদেশকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জানিয়ে দেয়, টেস্ট না খেললেও মাঝের প্রায় ছয়টা বছর বসে বসে কাটায়নি। ফেরার পর ১০ টেস্ট খেলে জিম্বাবুয়ে জিতেছে তিনটিতে, যার দুটিই বাংলাদেশের বিপক্ষে।
পাকিস্তান সিরিজের আগে টেস্ট র্যাঙ্কিংয়েই না থাকা জিম্বাবুয়ে র্যাঙ্কিংয়ে ফিরেই যে পেছনে ফেলে দিল বাংলাদেশকে, তাতে হতাশ এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক এই বাঁহাতি স্পিনার কাল টেলিফোনে বলছিলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য ভালো খবর নয়।’ তবে জিম্বাবুয়ের উত্থানকে তিনি বলছেন সাময়িক, ‘সামনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের হোম সিরিজ আছে। বিশেষ করে নিউজিল্যান্ড সিরিজটা আমাদের জন্য ডু অর ডাই সিরিজ হবে। অন্তত একটি টেস্ট এই সিরিজে জিততেই হবে।’
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পিছিয়ে পড়ার খবর কাল এই প্রতিবেদকের কাছেই প্রথম শুনেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। শুনে জিম্বাবুয়েকে যেমন কৃতিত্ব দিলেন, আক্ষেপ করলেন নিজেদের নিয়েও, ‘কেউ ভালো খেললে ওপরে উঠে যাবে, এটাই সত্যি। তবে আমাদের জন্য এটা হতাশাজনক, কারণ অনেক সুযোগ পেয়েও আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’ সঙ্গে টেস্টে বাংলাদেশের পিছিয়ে পড়ার আরেকটা কারণও তুলে ধরলেন, ‘আমাদের খুব বেশি এগোতে না পারার মূল কারণ, আমরা খুব কম টেস্ট খেলি। এক-দুইটা টেস্ট খেলেই লম্বা বিরতি, এভাবে খেললে আগামী ৫০ বছরেও টেস্টে উন্নতি করতে পারব না।’
মাশরাফি বিন মর্তুজা এ ক্ষেত্রে বাস্তবতাকেই মেনে নেওয়ার পক্ষে। আইসিসির ‘এফটিপির রাজনীতি’তে বাংলাদেশের দুর্বল অবস্থানটা তিনি ভালোই বোঝেন। সাবেক এই অধিনায়ক বরং দায় নিলেন নিজেদের কাঁধে, ‘চার দিনের ম্যাচ আরও বেশি খেলা দরকার। জাতীয় লিগে খেলাটাকে গুরুত্ব দিতে হবে, মনোযোগ দিয়ে খেলতে হবে। ব্যাটসম্যানরা সেঞ্চুরি করলে সেটা যেন ডাবল সেঞ্চুরি হয়। বোলারদেরও আরও ভালো বল করার চেষ্টা করা উচিত।’ তবে একটা জায়গায় মাশরাফি একমত এনামুল জুনিয়রের সঙ্গে, ‘টেস্ট যেহেতু কম খেলি, যখনই সুযোগ পাব, কাজে লাগাতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আমাদের জন্য বিরাট সুযোগ।’ একই প্রতিক্রিয়া সাকিব আল হাসানেরও, ‘জিম্বাবুয়ে ভালো খেলেছে, তাই ওপরে উঠেছে। আমাদেরও ওপরে উঠতে হলে ভালো খেলতে হবে—এটাই স্বাভাবিক। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলে হয়তো আমরাও ভালো অবস্থানে চলে যাব।’
খেলোয়াড়দের মধ্যে হতাশা আছে, আছে জিম্বাবুয়েকে পেছনে ফেলার তাড়না। তবে প্রধান নির্বাচক আকরাম খান পুরো ব্যাপারটাকেই নিচ্ছেন খুব স্বাভাবিকভাবে, ‘সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে বলেই এগিয়ে গেছে। কিন্তু মাঠের খেলার কথা যদি বলেন, আমি আমাদের ছেলেদের সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি। জিম্বাবুয়ে সফরে তারা খুব ভালোভাবে একটা টেস্ট জিতেছে। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে ড্র, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার মতো পরিস্থিতি তৈরি করা—এসবও ভুলে গেলে চলবে না।’
খেলোয়াড়দের চোট-সমস্যা, বেশির ভাগ টেস্ট দেশের বাইরে খেলা—এসব নিয়ে আক্ষেপ আছে আকরামের মনে। আরেক নির্বাচক হাবিবুল বাশার একমত তাঁর সঙ্গে। আক্ষেপ ভুলে ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজজয়ী অধিনায়ক, ‘এখন যা করার আমাদেরই করতে হবে। সামনে দুটি হোম সিরিজ আছে। জিম্বাবুয়েকে টপকে ৯ নম্বর কেন, আমাদের ৬-৭-এ যাওয়ার টার্গেট করতে হবে।’
একটা পাথর ২০ হাত দূরে নেওয়ার লক্ষ্য নিয়ে ছুড়লে ১৫-১৬ হাত হলেও যায়। ১৫-১৬ হাত দূরে ছুড়ে মারার লক্ষ্য থাকলে যাবে আরও কম। টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাপারে মুশফিকুর রহিমের দল হাবিবুল বাশারের তত্ত্বটা অনুসরণ করে দেখলেও দেখতে পারে।
আ ই সি সি টে স্ট র্যা ঙ্কি ং
ম্যাচ পয়েন্ট রেটিং
১ দক্ষিণ আফ্রিকা ২৪ ৩২৪০ ১৩৫
২ ইংল্যান্ড ৩৮ ৪৪০৭ ১১৬
৩ ভারত ৩০ ৩৪৭৩ ১১৬
৪ অস্ট্রেলিয়া ৩৩ ৩৩১৮ ১০১
৫ ওয়েস্ট ইন্ডিজ ২২ ২১৬৮ ৯৯
৬ পাকিস্তান ২২ ২১৩৩ ৯৭
৭ শ্রীলঙ্কা ২৬ ২২৯৫ ৮৮
৮ নিউজিল্যান্ড ২৭ ২১২৬ ৭৯
৯ জিম্বাবুয়ে ১১ ৩৭২ ৩৪
১০ বাংলাদেশ ১৩ ১৩৫ ১০