এই টেস্ট আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা ছিল এক দিন আগেও। বেতন-ভাতার দাবিতে আন্দোলনে নামা জিম্বাবুয়ের ক্রিকেটাররা হুমকি দিয়ে রেখেছিলেন, সময়মতো পাওনা পরিশোধ না করলে খেলবেন না হারারেতে।
শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়েই, তবে সমস্যা মিটেছে বলে মনে হচ্ছে না। কারণ, বাকিরা খেললেও শন উইলিয়ামস, কাইল জারভিস আর গ্রায়েম ক্রেমার সে দাবিতে এখনো অটল। ছিলেন না নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন টেলরও। তাঁর ক্ষেত্রে অবশ্য কারণটা বেতন-ভাতা নয়, সন্তানের জন্মমুহূর্তে স্ত্রীর পাশে থাকতে ছুটিতে তিনি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরুর পর কিন্তু মনে হলো না জিম্বাবুয়ে এত সমস্যায় জর্জরিত। উল্টো বোলারদের নৈপুণ্যে প্রথম দিন শেষে হাসিটা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার মুখে। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২৪৯, কিন্তু এরই মধ্যে ৯ উইকেট নেই মিসবাহর দলের!
এ মাঠে হওয়া সর্বশেষ তিন টেস্টে জিতেছে আগে ব্যাট করা দল। টস হেরেও ব্যাটিং পাওয়ায় তাই বেশ খুশি হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। কিন্তু চা-বিরতির আগেই মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ম্লান হয়ে যায় সেই মুখ। আজহারকে সঙ্গে নিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক। চতুর্থ উইকেটে এ দুজনের ৯৩ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছিল পাকিস্তানকেও। কিন্তু হাফ সেঞ্চুরির পর পরই মিসবাহকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে আরও একটা বড় ধাক্কা দেন প্রসপার উতসেয়া। তবে এক পাশে তখনো আস্থার প্রতীক হয়ে ছিলেন আজহার। দিনের সর্বোচ্চ ৭৮ রান করে তাঁর ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল, দুই শও পেরোতে পারবে না পাকিস্তান। নয় নম্বরে ব্যাট করতে নামা সাঈদ আজমলের ৬৪ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে তাই কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচল তারা। তথ্যসূত্র: ক্রিকইনফো।