দুটি সফরের মধ্যে পার্থক্য অনেক। টেস্ট, ওয়ানডে মিলে গতবার ছিল পূর্ণাঙ্গ সিরিজ। এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, তা-ও আবার ম্যাচগুলোর হিসাব থাকবে না আইসিসির খাতায়। কিন্তু দুই সিরিজে ব্যবধান থাকলেও ফল ভিন্ন হচ্ছে না। দুটি প্রস্তুতি ম্যাচের পর কাল সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১১ রানের হার যেন ২০১১-এর স্মৃতিই ফিরিয়ে আনছে।হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেট পুরোই ব্যাটিংবান্ধব। টসে জিতে বড় রানের আশায় ব্যাটিং নিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর। ৬ উইকেটে ১৫৪ খুব বড় রান হয়তো নয়, কিন্তু বাংলাদেশের জন্য বড়ই হলো। তামিম ইকবাল-মোহাম্মদ আশরাফুলের ৬১ রানের ওপেনিং জুটির পরও ২০ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ১৪৩।ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরাজয়ের আসল কারণটা উঠে এসেছে অধিনায়ক মুশফিকুর রহিমের কথায়, ‘উইকেট খুবই ভালো। আমাদের শুরুটাও ভালো হয়েছিল। কিন্তু ইনিংসের মাঝপথেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওরা।’পরাজয়ের দিনে ‘সুখবর’, টি-টোয়েন্টিতে মোটামুটি সফল ওপেনিং জুটি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন তামিম-আশরাফুল। প্রথম প্রস্তুতি ম্যাচে ৮ ওভারে ৬৪ রানের জুটির পর কাল ৯.৩ ওভারে দুজন মিলে করলেন ৬১। ব্যক্তিগত ১০ রানে চিগুম্বুরার বলে ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া তামিম ৩৮ রানের ইনিংসে তিন বাউন্ডারির দুটিই মারলেন পরের দুই বলে।উতসেয়ার বলে আশরাফুল স্টাম্পড হওয়ার পর থেকেই একটু করে পেছাতে থাকে বাংলাদেশ। মিডল-অর্ডারে অধিনায়ক ও সহ-অধিনায়ক দিতে পারেননি নির্ভরতা। বাংলাদেশ দলের কক্ষচ্যুত হওয়াও সেখানেই। উদ্বোধনী জুটির পর যা একটু চেষ্টা করেছেন জিয়াউর রহমান আর নাসির হোসেন। প্রস্তুতি ম্যাচে রানের দেখা না পেলেও কাল তিন নম্বরে নামা জিয়ার ঝলক কিছুটা হলেও দেখা গেছে। ২২ বলে ২৩ রানের ইনিংসে দলের পক্ষে একমাত্র ছক্কাটি মেরেছেন উতসেয়াকে মিড উইকেট দিয়ে। তার আগে অবশ্য ব্যক্তিগত ১৩ রানে ক্রেমারের বলে বাউন্ডারির কাছে তাঁর ক্যাচ ছেড়েছেন পোফু।শেষ ৫ ওভারে ৬২ হলে জিতত বাংলাদেশ। ১৬তম ওভারের প্রথম বলেই জিয়া আউট হওয়ার পর চেষ্টাটা বলতে গেলে একাই করেছেন নাসির হোসেন। মাত্র ১৫ বলে তিন বাউন্ডারিতে ২৯ রান করে অপরাজিত। কিন্তু এমন অপরাজিত ইনিংসে নিশ্চয়ই খুশি নন নাসিরও।প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেই নিজের ফর্মটা বুঝিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। কালও এই ওপেনার মাত্র ৩৫ বলে করলেন ৬২। ছয় বাউন্ডারির সঙ্গে ছক্কা চারটি। রানআউট হয়ে ফেরার আগে এক মাসাকাদজাই এগিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে। ১১.৫ ওভারে তাঁর আউট হওয়ার সময় দলের রান ছিল ৯১। বাকি ৯ ওভার ৫ বলে জিম্বাবুয়ে করেছে ৬৩ রান।আন্তর্জাতিক ম্যাচ না হলেও কাল জাতীয় দলের হয়ে অভিষেকেই দুই রকম অভিজ্ঞতাই হয়েছে আবুল হাসানের। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বল হাতে নিয়েই এক ওভারে দিলেন ১৬ রান। তবে ৩৭ রানে ২ উইকেট নিয়ে দলের পক্ষে সফল বোলারও এই তরুণ পেসার।আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলবে পরের ম্যাচ। ম্যাচ শেষে মুশফিক আশা দিলেন, ভুল থেকে শেখার, ‘আমরা চেষ্টা কম করিনি। তবে জিম্বাবুয়ে পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। আশা করি, এই ম্যাচের ভুল থেকে শিখে পরের ম্যাচগুলোয় ভালো খেলব।’ যেভাবে সিরিজ শুরু হলো, আশাটাই সম্বল এখন বাংলাদেশের।