জিম্বাবুয়ে ক্রিকেটারদের বর্জনের হুমকি
ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন সংস্করণ মিলিয়ে হেরে এসেছে সাত ম্যাচের সবগুলোই। বাংলাদেশ সিরিজে তাই দলে বড়সড় রদবদলের আভাস দিয়েছিলেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গো। কিন্তু রদবদল তো বহুদূর, স্কোয়াড গড়ার জন্য যথেষ্ট ক্রিকেটার পাবেন কি না, সংশয় এখন তাই নিয়েই। ‘শীতকালীন চুক্তির’ দাবিতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা ভাবছেন বয়কটের কথা। ক্রিকেটারদের ঘনিষ্ঠ একটি সূত্র ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, বাংলাদেশ সিরিজের আগে নিজেদের মধ্যে অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচগুলোও না খেলার কথা ভাবছেন ক্রিকেটাররা।২০১১ সালে জিম্বাবুয়েতে বাংলাদেশের সর্বশেষ সফরের আগেও চুক্তি, বেতন-ভাতা নিয়ে জিম্বাবুইয়ান ক্রিকেটারদের অসন্তোষ এসে পড়েছিল প্রকাশ্যে। ঠিকমতো টাকাপয়সা পান না দাবি করে সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু জানিয়েছিলেন, অন্ধকার সময়কে পেছনে ফেলার কথা বললেও জিম্বাবুয়ের ক্রিকেটে আসলে কিছুই বদলায়নি। এর পরপরই কেন্দ্রীয় চুক্তি চালু করে জিম্বাবুয়ে ক্রিকেট। ১৫ জনকে রাখা হয় চুক্তিতে। আর কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা অন্য ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে সেই অর্থও দেয় বোর্ড। বোর্ডের অনুদান থেকেই ক্রিকেটারদের বেতন দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। সমস্যা এই ফ্র্যাঞ্চাইজি চুক্তি নিয়েই। ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি শুধু গ্রীষ্মের জন্য, যেটা শেষ হয়ে গেছে গত ৩১ মার্চ। শীতের পুরো সময়টা তো আর বেকার কাটানো যায় না, ক্রিকেটাররা তাই ক্লাব ক্রিকেট খেলে বেড়ান বিশ্বজুড়ে। বেশির ভাগই খেলেন মূলত ইংল্যান্ডের বিভিন্ন শহরের ক্লাব ক্রিকেটে। কিন্তু এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ, এরপর আছে ভারত ও শ্রীলঙ্কা সিরিজ। কেন্দ্রীয় চুক্তির বাইরে ক্রিকেটারদের যাঁরা এই সিরিজে খেলবেন, তাঁদের শুধু দৈনিক ভাতা দিতে চায় আর্থিক সংকটে জর্জরিত বোর্ড, কোনো বেতন নয়। স্বাভাবিকভাবেই তাই আর্থিক নিরাপত্তার কথা ভাবছেন ক্রিকেটাররা। দৈনিক ভাতার অঙ্ক খুবই সামান্য, এই সময়টায় ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেললে আয় হয় অনেক বেশি। এই ক্রিকেটারদের দাবি তাই শীতকালীন একটি চুক্তি।কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৫ জনের বাইরের বেশ কজনেরই খেলার কথা বাংলাদেশ সিরিজে। সত্যি সত্যি বর্জন করলে তাই ভালো বেকায়দাতেই পড়বে জিম্বাবুয়ে। তা ছাড়া ক্রিকেটারদের একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও সতীর্থদের দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে। ৩১ জন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ সিরিজের ক্যাম্প হওয়ার কথা থাকলেও অনেকেই অনুশীলনে যোগ দেননি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। শুধু ক্রিকেটাররাই নয়, চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তায় আছেন কোচরাও। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে।কোনো ক্রিকেটার অবশ্য এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। ধারণা করা হচ্ছে, প্রস্তুতি ম্যাচগুলো বর্জন করেই নিজেদের দাবি তুলে ধরবেন তাঁরা। শেষ পর্যন্ত দাবি মেনে বোর্ড শীতকালীন চুক্তি না করলে হয়তো বাংলাদেশ সিরিজ ছেড়ে ক্লাব ক্রিকেট খেলতেই ছুটবেন তাঁরা। সে ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ভগ্নশক্তির দল মাঠে নামাতে হবে জিম্বাবুয়েকে। ওয়েবসাইট।