জিম্বাবুয়ে তো আজ আরও কঠিন
জিম্বাবুয়ের কাছে দক্ষিণ আফ্রিকার অপ্রত্যাশিত হার জমিয়ে দিয়েছে টুর্নামেন্ট। ফাইনালের সমীকরণে এখন অনেক অঙ্ক। তবে বাংলাদেশ দলের জন্য আপাতবাস্তবতা একটাই—টিকে থাকতে হলে আজ হারাতেই হবে আত্মবিশ্বাসে বলীয়ান জিম্বাবুয়েকে। হারলেও যে ফাইনালের আশা একেবারে শেষ, তা নয়। তবে অঙ্কের যে হিসাবে তখনো টিম টিম করে জ্বলবে আশার প্রদীপ, সেসব বাস্তবে ধরা দেওয়ার সম্ভাবনা কমই।হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ আবার জিম্বাবুয়ের সামনে। প্রথম দুই ম্যাচেই হারায় এই ম্যাচ বাংলাদেশের জন্য জীবন-মরণ লড়াই। জিততে পারলে ফাইনালের স্বপ্নটা ভালোভাবে বেঁচে থাকে। হারলে নিতে হবে লাগেজ গোছানোর মানসিক প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে জিতলেই শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার আরেকটি ম্যাচের দিকেও।সিরিজে বাংলাদেশ দলের মূল প্রতিদ্বন্দ্বী ছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়েরও বাংলাদেশ। কালকের আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজের শর্ত পূরণের নিমিত্ত ছিল মাত্র। তাদের বিপক্ষে বাংলাদেশের পরশুর হার তাই অপ্রত্যাশিত নয়। বরং ২০৯ রানের জবাবে বাংলাদেশ যে ১৭০ করল, সিরিজ শেষে সেটাকে প্রাপ্তির খাতায় যোগ করে নিতে পারেন কোচ রিচার্ড পাইবাস।তবে জিম্বাবুয়ের বিপক্ষে আবার হারলে ১৭০-এর ঝান্ডা বেশি ওপরে ওঠানো যাবে না। সাফল্য খোঁজার চাইতে ব্যর্থতার অনুঘটকগুলো স্পষ্ট হয়ে উঠবে বেশি। হারারেতে বাংলাদেশ দলের বোলিং এখন পর্যন্ত কেবল হতাশার কথাই বলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরশুর বোলিং দেখে মনে হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের বোলিংটাই বোধ হয় ভালো ছিল। কিন্তু কতটা ভালো?মাশরাফি বিন মুর্তজার জন্য খুব সহজ হচ্ছে না চোট কাটিয়ে এই পর্যায়ের ক্রিকেটে ফেরা। দুই ম্যাচেই একটি করে উইকেট পেয়েছেন, তবে পুরোনো মাশরাফিকে কি খুঁজে পাওয়া গেল? আরেক পেসার আবুল হাসানও সয়ে উঠতে পারেননি জাতীয় দলের উত্তাপ। প্রথম ম্যাচে ২ উইকেট নিলেও প্রথম ওভারেই দিয়েছেন ১৬। পরের ম্যাচে মার খেয়ে গেলেন আগাগোড়াই। ৪ ওভারে ৫৮ রান, কোনো উইকেট নেই। শেষ ওভারে দিলেন ২৩!এই ম্যাচে অবশ্য আমলা-লেভিদের নির্যাতনের শিকার বাংলাদেশের সব বোলারই। দুই ওভারে ২৮ রান দিয়ে রাজ্জাক তো আর বলই পেলেন না। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিমও জানালেন বোলিং নিয়ে অসন্তুষ্টির কথা, ‘জেতার সুযোগ তৈরি করতে হলে দক্ষিণ আফ্রিকাকে ১৮০ রানের মধ্যে আটকাতে হতো। কিন্তু বোলাররাই আমাদের ডুবিয়েছে। বড় দলের বিপক্ষে খেলার সময় ছোটখাটো জিনিসগুলোও ঠিকভাবে করতে হয়।’ তার মধ্যে ফিল্ডিংটাও আসবে নিশ্চয়ই। সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়দের পিচ্ছিল হাত দেখে মনেই হয়নি, এই দলের অনুশীলনে ফিল্ডিং একটা বড় অংশ জুড়ে থাকে।বোলাররা ব্যর্থ, তবে এটাও সত্যি, জিম্বাবুয়েতে বাংলাদেশ গেছে আসলে দ্বিতীয় সারির বোলিং আক্রমণ নিয়ে। এত দিন বাইরে থাকার পর মাশরাফির ছন্দে ফিরতে সময় লাগাটাই স্বাভাবিক। এর বাইরে অভিজ্ঞ বোলার বলতে বাঁহাতি স্পিনার রাজ্জাক। চোট ছিটকে দিয়েছে দুই পেসার রুবেল-শফিউলকে। তবে সবচেয়ে বেশি চোখে পড়ছে সাকিব আল হাসানের অনুপস্থিতি।ব্যাটিংয়ে যেমন দ্বিতীয় ম্যাচে ধরা পড়ল তামিম ইকবালের অনুপস্থিতিও। ২০৯ রানের জবাবে ১৭০ হয়ে যাওয়ার পর কারও অনুপস্থিতি সেভাবে দেখাই উচিত না। তবে প্রথম ম্যাচে ওরকম একটা ওপেনিং জুটির পর মনে হচ্ছিল ২০৯ রান তাড়া করার ম্যাচেই তামিম-আশরাফুল জুটিটার বেশি দরকার ছিল। তামিমের জায়গায় নেমে নবীন আনামুল কিছু বুঝে ওঠার আগেই আউট। আবুল হাসানের মতো হয়তো তিনিও আঁচ করতে পারছেন ঘরোয়া ক্রিকেটের সঙ্গে এই পর্যায়ের ক্রিকেটের কতটা পার্থক্য। তবে হারারে থেকে পাঠানো ম্যানেজার তানজীব আহসানের খুদে বার্তা বলছে, আজকের ম্যাচে আরেকটি সুযোগ পাচ্ছেন আনামুল। বাদ পড়বেন জহুরুল। সুস্থ হলে তাঁর জায়গায় তামিম ফিরবেন , নয়তো সিরিজে আজই প্রথম ম্যাচ খেলার সুযোগ মিলবে আরেক বাঁহাতি জুনায়েদ সিদ্দিকের।এসব অদল-বদলে কিছুই আসবে-যাবে না, যদি আজও হার নিয়েই মাঠ ছাড়তে হয়। এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের পর সবই বিপিএলের অবদান বলে কী ধন্য-ধন্যই শুরু করেছিলেন খেলোয়াড়-কর্মকর্তারা! শুধু একটা হিসাবই মিলছে না। ২০ ওভারের ক্রিকেট খেলে ৫০ ওভারের ক্রিকেটে সত্যিই যদি এত উন্নতি হয়ে থাকে, ২০ ওভারের ক্রিকেটেই কেন কিছু হলো না! কে জানে, ফর্মুলাটা হয়তো একটু অন্যরকমই। টি-টোয়েন্টিতে ভালো করতে হলে বাংলাদেশ দলকে বেশি বেশি খেলতে হবে সিক্স-এ-সাইড ম্যাচ!