জিম্বাবুয়ে দলে সিকান্দার রাজা
কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা ‘শীতকালীন চুক্তির’ দাবিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বর্জনের হুমকি দিয়েছিলেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেটারদের চুক্তিটা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে। কিন্তু তার পরও একটা ঘটনা ঘটেছে, আটজন ক্রিকেটার ‘শীতকালীন চুক্তি’তে স্বাক্ষর করলেও ক্রেইগ আরভিন সই করেননি। টেস্ট ক্রিকেটের পরিবর্তে বেছে নিয়েছেন ক্লাব ক্রিকেটকেই! আরভিন সাফ জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের হয়ে টেস্ট না খেলে তিনি খেলবেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে।মানে বাংলাদেশের বিপক্ষে খেলছেন না তিনি। অথচ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণ মিলিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। গতকাল জিম্বাবুয়ে ক্রিকেটের মুখপাত্র লাভমোর বান্দাই বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, স্বল্পমেয়াদি আন্তর্জাতিক চুক্তিতে সই না করে আরভিন ক্লাব ক্রিকেটকে বেছে নিয়েছেন। নিজের টুইটারে চারটি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলা আরভিনও লিখেছেন, ‘আসন্ন সিরিজে অংশ না নেওয়াটা হবে হতাশার। জীবনে অনেক কঠিন সিদ্ধান্তই নিতে হয়। এটা তার মধ্যে একটা।’ ২৭ বছর বয়সী ক্রেইগ আসলে অনুসরণ করেছেন তাঁর বড় ভাই শন আরভিনকেই। শন সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০০৪ সালে, এই বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজেই। দীর্ঘ আট বছর পর শন আরভিন আবার ডাক পান জিম্বাবুয়ের গত ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। কিন্তু ৩০ বছর বয়সী শন জাতীয় দলের ডাকে সাড়া না দিয়ে মনোযোগ দেন ক্লাব ক্রিকেটেই। গত মাসেই তিনি ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আরও তিন বছরের জন্য। ক্রেইগও ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের টানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বটে; তবে ঠিক কোন দলের হয়ে খেলবেন, সেটা জানা যায়নি।প্রথমত, তাঁর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকার করেন আরও দুজন ক্রিকেটার—শন উইলিয়ামস এবং নতুন মুখ পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান সিকান্দার রাজা বাট। কিন্তু শেষ পর্যন্ত এই দুজনের সঙ্গে বোর্ডের একটা আফস-রফা যে হয়েছে, জিম্বাবুয়ের প্রাথমিক দলই তার প্রমাণ। বাংলাদেশ সিরিজের জন্য ২০ সদস্যের যে দলটি দিয়েছে জিম্বাবুয়ে, তাতে শন উইলিয়ামস ও সিকান্দার রাজা দুজনেই আছেন।আগামী বুধবার হারারেতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই টেস্টে সিকান্দার রাজার অভিষেকই হতে পারে। চোটের কারণে দলে নেই টিনো মায়োয়ো, রেগিস চাকাভা ও ক্রিস প্রোফু। চোট কাটিয়ে দলে ফিরেছেন এলটন চিগুম্বুরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে মায়োয়ো, চাকাভা, প্রোফুর চোট অবশ্যই জিম্বাবুয়ের জন্য ধাক্কা। রয়টার্স।