জিম্বাবুয়ে, না আয়ারল্যান্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে, না আয়ারল্যান্ড উঠবে সুপার টেনে? হল্যান্ড কি আজ পারবে প্রথমবারের মতো আয়ারল্যান্ডকে হারাতে? হল্যান্ড জিতলেই শুধু সম্ভাবনা থাকবে জিম্বাবুয়ের। তার আগে অবশ্য আরব আমিরাতকে যথাসম্ভব বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখতে হবে টেস্ট খেলুড়ে দলটিকে। আর তারপর দুরু দুরু বুকে থাকতে হবে অপেক্ষায়।
গ্রুপ ‘বি’ থেকে সুপার টেনে ওঠার লড়াইয়ে আয়ারল্যান্ডই এগিয়ে। প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে-আমিরাতকে হারিয়ে চূড়ান্ত পর্ব দেখছে আইরিশরা। আজ জিতলে সেটি নিয়ে কোনো অনিশ্চয়তাই থাকবে না। কিন্তু হারের আশঙ্কাও তো থাকবে তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মতো দলকে হারানোর অভিজ্ঞতা আছে ডাচদের। পরশু জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটি তো শেষ ওভার পর্যন্তই নিয়ে গিয়েছিল। আজ আয়ারল্যান্ডকে হারালে ডাচদের সামনেও সুযোগ থাকবে চূড়ান্ত পর্বে যাওয়ার। সে ক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান হয়ে যেতে পারে। তখন রানরেটেই ঠিক হবে কারা চূড়ান্ত পর্বে যাবে। সেদিক দিয়েও অবশ্য সুবিধাজনক অবস্থানে আছে আয়ারল্যান্ড, তিন দলের মধ্যে তারাই সবচেয়ে এগিয়ে।
জিম্বাবুয়ে তাই আমিরাতের সঙ্গে জিতে রানরেটটা বাড়িয়ে নিতে চাইবে। প্রথম দুই ম্যাচ হারায় আমিরাতের জন্য শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান। তাদের জন্য আজকের ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতা। ওয়েবসাইট।