জিম্বাবুয়ে নয় প্রতিপক্ষ ভিটরি
প্রথম দুই ম্যাচে পাঁচ-পাঁচ ১০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে ফেলেছেন। অথচ ব্রায়ান ভিটরি কী বলছেন, জানেন! দুই ম্যাচের কোনোটিতেই নাকি উইকেট নেওয়ার লক্ষ্য নিয়ে বোলিং করেননি! ‘ওয়ানডেতে ব্যাটসম্যানকে আটকে রাখাই আসল। উইকেট পেলে সেটি বোনাস’—এমনভাবে বললেন যে বিশ্বাস না করার কোনো কারণ নেই।অথচ ঘটনা যা, তাতে জিম্বাবুইয়ান বাঁহাতি পেসারের ‘বেতন’-এর চেয়ে ‘বোনাস’ বেশি হয়ে যাচ্ছে! এই ওয়ানডে সিরিজটা এখন আক্ষরিক অর্থেই বাংলাদেশ বনাম ভিটরি। প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন। আজ তৃতীয় ম্যাচের নির্ধারকও ধরে নিতে পারেন নতুন বলের ভিটরিকেই।নতুন বলে পোফুও ভালো বোলিং করছেন। কিন্তু পোফু শুধু জায়গায় বল করে চাপই তৈরি করেন। ভিটরি ব্যাটসম্যানদের চাপেও ফেলেন, উইকেটও নেন। ম্যাচ শুরু হতে নাহতেই বাংলাদেশকে ম্যাচের বাইরে ছিটকে ফেলার কাজটা করেছেন দুই ম্যাচেই। ‘ভিটরি সামলাও’ প্রকল্পের ফলাফলের ওপরই তাই নির্ভর করছে, আজ তৃতীয় ম্যাচে জিতে বাংলাদেশ সিরিজে ফিরতে পারবে কি না।হয়তো উপমহাদেশীয় নৈকট্যের কারণেই এই সিরিজের ম্যাচ রেফারি রোশান মহানামা ও আম্পায়ার কুমার ধর্মসেনা বাংলাদেশের খুব শুভাকাঙ্ক্ষী। কাল সকালে মহানামা হোটেলের ব্রেকফাস্ট রুমে ইমরুল কায়েসকে অনেকক্ষণ কী যেন বোঝালেন। কিছুক্ষণ পর হোটেলের সামনে নির্বাচক হাবিবুল বাশারকে পেয়ে পরামর্শ দিলেন তাঁকেও। পরামর্শের বিষয় অবশ্যই ব্রায়ান ভিটরি। ধর্মসেনা বললেন, ‘ভিটরিই তো তোমাদের শেষ করে দিচ্ছে। ওর পাঁচ ওভার কোনো ঝুঁকি না নিয়ে খেলে দিলেই তো হয়। তোমাদের ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে, প্রথম ওভার থেকেই ২৫০-২৬০ এর কথা ভেবে খেলছে।’ হাবিবুল বাশারের একটা তুলনা মনে এল, ‘শ্রীলঙ্কার সঙ্গে খেলার সময় আমরা মুরালিকে যেভাবে খেলতাম আর কি, ওর ১০ ওভারে কোনো ঝুঁকি নিতাম না।’ মহানামা ১৬-১৭ বছর আগে জিম্বাবুয়ে সফরের স্মৃতিচারণা করলেন, ‘হারারের উইকেটে সব সময়ই সকালের দিকে বোলারদের জন্য কিছু থাকে। এমনও হয়েছে, ২০ ওভার শেষে আমাদের মাত্র ৬০ রান, কিন্তু হাতে ৮-৯ উইকেট ছিল বলে ঠিকই ২৮০-৯০ করে ফেলেছি।’ প্রথম দুই ম্যাচেও পরিস্থিতিটা এমনই ছিল। ১৫-২০ ওভারের পর ব্যাটিং করা অনেক সহজ হয়ে গেছে। প্রথম ম্যাচে সাকিব-মুশফিক ও দ্বিতীয় ম্যাচে নাসির-রাজ্জাকের জুটির সময় গুড লেংথের বলও আরামে ব্যাকফুটে খেলা গেছে। আজও টসে হেরে ব্যাটিং করতে হলে ভিটরির প্রথম স্পেলটা কোনোমতে কাটিয়ে দেওয়াটাই বাংলাদেশের ব্যাটসম্যানদের ধ্যানজ্ঞান হবে বলে অনুমান করা যায়।তবে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানরা বেশি মারতে গিয়ে আউট হয়েছেন, নাকি বেশি সাবধানী হতে গিয়ে রান রেটের চাপে—এ নিয়ে একটা তর্ক আছে। প্রথম ম্যাচের পর কোচ স্টুয়ার্ট ল বলেছেন, বাংলাদেশের শুরুটা বেশি সাবধানী ছিল। দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক সাকিব আল হাসান ‘ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলা খেলছেন না’ বলেও কি প্রকারান্তরে সেটিই বোঝাননি!আজ ভিটরির বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের রণকৌশল নিয়ে তাই প্রবল কৌতূহল থাকছে। তামিম ইকবাল—তামিম ইকবাল কী ভাবছেন? ভিটরিকে ‘অর্ডিনারি’ বলার পর দুই ইনিংসেই আউট হয়েছেন তাঁর বলে। কখনো কি একবারও মনে হচ্ছে না, কথাটা না বললেই ভালো হতো? তামিম সরাসরি হ্যাঁ-না বললেন না, ‘এই যে একটা কথা বলার পর সেটি এভাবে ফিরে এল, আমার ক্যারিয়ারে এটাও তো একটা নতুন অভিজ্ঞতা।’ তবে আজ ব্যাট করতে নামার সময় এটি আর কোনো বাড়তি চাপ হবে না বলেই দাবি, ‘সত্যি কথা বলি, প্রথম ম্যাচে একটা চাপ ছিল। কারণ ওকে উইকেট দেব না বলে একটা প্রতিজ্ঞা ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেও ওর বলে আউট হওয়ার পর এখন আর কোনো চাপ-টাপ নেই।’দ্বিতীয় ম্যাচ শেষে বিশ্বরেকর্ড গড়ায় ভিটরিকে মাঠে অভিনন্দন জানিয়েছেন। সময়-সুযোগ হলে তাঁর সঙ্গে একান্তে কথা বলারও ইচ্ছা আছে, ‘আমি ক্রিকেটার, ও-ও ক্রিকেটার। ওর সঙ্গে আমার কোনো সমস্যা আছে বলে তো আমি ও কথা বলিনি।’ ভিটরি অবশ্য তামিমের মন্তব্যকে ‘কথার খেলা’ হিসেবেই নিয়েছেন। তামিমের উইকেট নেওয়ার পর মাঠে বাড়তি কোনো উদ্যাপনও করেননি। ‘তামিম বনাম ভিটরি’ থেকে এই সিরিজ এখন ‘বাংলাদেশ বনাম ভিটরি’। সিরিজে বাংলাদেশ ২-০ তে পিছিয়ে। সাকিব আল হাসানের কাছে আজকের ম্যাচটি তাই ‘ডু অর ডাই’ ম্যাচ। বলার সময় বাংলাদেশ-অধিনায়কের চোখেও হয়তো ভাসছিল একটা মুখই। ব্রায়ান ভিটরি!