জিম্বাবুয়ে যাওয়ার পথে দ. আফ্রিকায়
বাংলাদেশ দলের কোচ হতে আজই হয়তো সম্মতি জানিয়ে দেবেন অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ল। তবে নতুন কোচ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জাতীয় ও ‘এ’ দলের সাবেক কোচ সারোয়ার ইমরানের হাতে থাকবে অনুশীলনের দায়িত্ব। কাল বিসিবির টেকনিক্যাল কমিটির এক সভা শেষে জানিয়েছেন কমিটির প্রধান এনায়েত হোসেন।হেড কোচ যে-ই হোন, সহকারী কোচ হিসেবে দেশি কাউকে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি। আপৎকালীন দায়িত্ব পেয়ে সারোয়ার ইমরান হয়তো কিছুটা এগিয়েই গেলেন সে পথে। অবশ্য টেকনিক্যাল কমিটির প্রধান বলেছেন, ‘সহকারী কোচ কে হবেন, সে সিদ্ধান্ত এখনো হয়নি। নতুন কোচ আসার আগ পর্যন্ত সারোয়ার ইমরানকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হবে ৭ জুলাইয়ের বোর্ড সভায়।’ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ম্যানজার থাকবেন তানজীব আহসান সাদ, বোর্ড সভায় করা হবে এই সুপারিশও। তবে জাতীয় দলের নতুন ফিজিও কে হবেন, সে সিদ্ধান্ত এখনো হয়নি। দক্ষিণ আফ্রিকার ড্যারেন লিফসনকে আবার আনার ইচ্ছা বোর্ডের।৩০ জুন কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্প শেষে এক দিনের বিরতি দিয়ে শুরু হওয়ার কথা ক্রিকেটারদের ফিল্ডিং ও স্কিল ট্রেনিং। এরপর ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের ও দুই বা তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শেরেবাংলা স্টেডিয়ামে মাঠ উন্নয়নের কাজ চলায় ম্যাচগুলো হতে পারে ফতুল্লায়। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে থাকবে দক্ষিণ আফ্রিকা হাইপারফরম্যান্স বা একাডেমি দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচও। পচেফস্ট্রুমে অনুষ্ঠেয় ম্যাচটি খেলতে আগামী ১৯ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সেখান থেকেই যাবে জিম্বাবুয়ে। এর আগে সরাসরি জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ২৭ জুলাই।অবশ্য কাউন্টি ক্রিকেটে ব্যস্ত সাকিব আল হাসান ও এ মাসেই নটিংহ্যামশায়ারে যোগ দিতে যাওয়া তামিম ইকবাল ইংল্যান্ড থেকেই ভিসা পান কি না, দলের বিদেশি কোচিং স্টাফদের ভিসা—এসব অস্পষ্টতার কারণে দক্ষিণ আফ্রিকার ম্যাচ খেলতে যাওয়ার সম্ভাবনায় এখনো একটা ‘কিন্তু’ ঝুলে আছে।বাংলাদেশ ‘এ’ দলকে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের আমন্ত্রণ জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। সে সময় দেশে ঘরোয়া ক্রিকেট চললেও কালকের সভায় ওই সফরে দল পাঠানোর পক্ষেই মত দেওয়া হয়েছে।