জিম্বাবুয়ে সফর স্থগিত করতে চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। তবে ওই সফরটা বোধ হয় আপাতত হচ্ছে না। একই সময়ে ভারতের সঙ্গে প্রস্তাবিত দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে সফর স্থগিত করতে জিম্বাবুয়েকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির একজন কর্মকর্তা ইএসপিএন-ক্রিকইনফোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান-ভারত প্রস্তাবিত সিরিজের কারণে সফরের সূচি পুনর্নির্ধারণ করতে জিম্বাবুয়েকে অনুরোধ জানিয়েছি আমরা। ওরাও এতে সম্মত হয়েছে। সফর বাতিলের কোনো সম্ভাবনা নেই।’ আগামী বছর যেন সফরটা অনুষ্ঠিত হয়, এ লক্ষ্যে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পিসিবি।২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। পরের বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ওই সফর বাতিল করে ভারত। এরপর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারতীয় দল। পাকিস্তান অবশ্য সব সময়ই ভারতের সঙ্গে সিরিজে অংশ নিতে আগ্রহী ছিল। দেরিতে হলেও এবার মন গলেছে ভারতীয়দের। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে সম্মত হয়েছে তারা। তবে শর্ত হচ্ছে, পাকিস্তান সফরে যাবে না ভারত। ভারতে এসে খেলতে হবে পাকিস্তানকে। পিসিবি বেশ আনন্দের সঙ্গেই সেটা মেনে নিয়েছে। পাকিস্তানের ভারত সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এটি অনুষ্ঠিত হতে পারে।