জিম্বাবুয়ে সফরে ‘সেই’ দলই
বিতর্ক আর নানা প্রশ্ন ওঠার পরও কোন পরিবর্তন নেই। টেকনিক্যাল কমিটির হস্তক্ষেপ থেকে বেরিয়ে আসতে পারল না আকরাম খান, হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীনকে নিয়ে গঠিত এ যাবত্কালের ‘সেরা’ নির্বাচক কমিটি। যার প্রমাণ, প্রথম আলোয় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দলটিকেই আজ শুক্রবার জিম্বাবুয়ে সফরের ১৫ সদস্যের বাংলাদেশ দল বলে ঘোষণা করা হয়েছে।চাপমুক্ত ও স্বাধীনভাবে জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করা হয়েছে বলে নির্বাচক কমিটি দাবি করলেও বাস্তবতা হলো, তাঁদের পছন্দের দল এটি ছিল না। বিশ্বস্ত সূত্রের খবর, অভিজ্ঞতা আর ক্রিকেট-জ্ঞান যতই থাকুক, নির্বাচকদের চেয়েও দল ঘোষণায় ‘জোরালো ভূমিকা রেখেছেন টেকনিক্যাল কমিটির এক প্রভাবশালী কর্মকর্তা। গত ১০ জুলাই নির্বাচকদের দেওয়া ১৫ সদস্যের টেস্ট দলে রকিবুল থাকলেও ওই কর্মকর্তার ইচ্ছায় তাঁকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে শুভাগতকে। ওই কর্মকর্তার কাছে নতি স্বীকার করে জিম্বাবুয়ে সফরের অতিরিক্ত ক্রিকেটারদের তালিকায়ও রাখা হয়নি রকিবুলকে।জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ৩০ জুলাই তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের সফর।বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, শুভাগত ও নাসির।অতিরিক্ত: নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালি, সৈয়দ রাসেল ও সগির হোসেন।