জিম্বাবুয়ে সফরেই সাকলায়েন
গত ডিসেম্বরে যখন ফিরে গেলেন, দেশের স্পিনারদের কণ্ঠে ছিল হাহাকার। তাঁকে ফিরে পাওয়ার আকুতি ছিল রাজ্জাক-সোহাগদের কণ্ঠে। তিনি নিজেও ফিরতে চাইছিলেন। সবার চাওয়াই পূরণ হচ্ছে। আবার বাংলাদেশের স্পিন পরামর্শক হয়ে আসছেন সাকলায়েন মুশতাক। জিম্বাবুয়ে সফরেই ‘স্পিন গুরু’কে ফিরে পাচ্ছেন সোহাগেরা। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামীকাল সন্ধ্যায়ই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলায়েন। এবার পাওয়া যাবে ১০০ দিন। বেছে বেছে প্রয়োজনের সময় এই ১০০ দিন সাকলায়েনকে কাজে লাগাবে বিসিবি।জিম্বাবুয়ের যাত্রাপথে দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকলায়েন। বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ গুরুত্বপূর্ণ সিরিজটি খেলতে একসঙ্গে এক দিনও অনুশীলন না করেই যেতে হচ্ছে মুশফিকুর রহিমদের। আজ একটা অনুশীলন সেশন হওয়ার কথা ছিল, কিন্তু হরতালের কারণে বাতিল হয়ে গেছে। প্রস্তুতি নিতে হবে তাই জিম্বাবুয়ে গিয়েই। সেই প্রস্তুতিও খুব একটা আদর্শ হবে না, পুরো সফরে প্রস্তুতি ম্যাচই যে নেই একটিও!