জিম্বাবুয়ে সফরেও সঙ্গী চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা থেকে পাওয়া আত্মবিশ্বাস মুশফিকুর রহিম বয়ে নিতে চান জিম্বাবুয়েতে। ধরে রাখতে চান সাফল্যের ধারাবাহিকতা। কিন্তু সবার আগে যে শ্রীলঙ্কা সফরে থাকা চোট-আঘাতের ব্যথাই সঙ্গী হচ্ছে তাঁর!সাকিব আল হাসান শুরু থেকেই ছিলেন না। দলে থেকেও সফরের আগেই চোট-জর্জর হয়ে একে একে ঝরে পড়েছেন এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম, শাহরিয়ার নাফীস। শ্রীলঙ্কা গেলেও সিরিজ শেষ হওয়ার আগেই চোট নিয়ে দেশে ফিরেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন। সফরে চোটে পড়েছেন আরেক পেসার আবুল হাসানও। জিম্বাবুয়ে সফরের আগে হয়তো চোটগ্রস্ত খেলোয়াড়দের চেহারা বদলাচ্ছে, কিন্তু ওই একই কারণে দল নির্বাচনে বিবেচনায় আনা যাচ্ছে না অনেককেই।নাজমুলের হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত চূড়ান্ত। এখন শুধু কোন দেশে অস্ত্রোপচার হবে, সেটা ঠিক করা বাকি। আর অস্ত্রোপচার হওয়া মানে চার-পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়া। হাসানের ব্যথা কোমরের হাড়ে। প্রাথমিকভাবে ফিজিওথেরাপি দিয়ে সুস্থ করার চেষ্টা চলবে তাঁকে। সেজন্যও সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি—জিম্বাবুয়ে সফরের কোনো দলেই এই দুই পেসারের না-থাকাটা নিশ্চিত।শ্রীলঙ্কা থেকে আঙুলের ব্যথা নিয়ে ফেরা তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে পুরোপুরি সুস্থ হবেন না। খেললে খেলবেন দ্বিতীয় টেস্ট থেকে। সংশয় আছে মাশরাফি বিন মুর্তজার যাওয়া নিয়েও। আরেক পেসার শফিউল ইসলাম অনুশীলনে এখনো পুরো সামর্থ্য নিয়ে বল করতে পারছেন না। শেষ পর্যন্ত ওয়ানডে দলে জায়গা হলেও টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। এ ছাড়া চোট আছে নাসির হোসেনের কাঁধে। সহনশীল মাত্রায় বলে এই চোট নিয়েই যাবেন জিম্বাবুয়েতে। তবে জিম্বাবুয়ে সফর শেষে দক্ষিণ আফ্রিকায় গিয়ে অস্ত্রোপচার করানোর কথা আছে তাঁরও।দল নির্বাচনের আগে যখন পরিস্থিতিটা এ রকম, প্রধান নির্বাচকের চিন্তিত না হয়ে উপায় নেই। বিশেষ করে পেস বোলিংয়ের দুর্বলতা কপালে ভাঁজ ফেলছে বেশি। আকরাম খান কাল স্বীকার করলেন, ‘নাজমুল, রাজুকে (আবুল হাসান) দলে রাখা যাচ্ছে না। তার মানে ফাস্ট বোলিংয়ে ঘাটতি আছেই। আর পূর্ণ শক্তি নিয়ে গেলে সমস্যা হওয়ারই কথা। তবে ব্যাটসম্যানদের মতো বোলারদের মধ্যে যারা সুযোগ পাচ্ছে, তারা ভালো করলে আমার মনে হয় সমস্যাটা আর চোখে পড়বে না।’নতুনদের মধ্যে যাঁর সম্ভাবনা লোকমুখে বেশি ছড়িয়েছে, সেই তাসকিন আহমেদের অদূর ভবিষ্যতেও দলে আসার লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যরা তো তবুও অনুশীলন করছেন, চোটের কারণে তাঁর অনুশীলনে নামতেই মানা! আকরামও বললেন, ‘তাসকিনের ইনজুরি আছে। ও প্র্যাকটিস করতে পারছে না। তা ছাড়া দলে আসতে ওকে আরও অনেক পারফর্ম করতে হবে, আরও ভালো ক্রিকেট খেলে আসতে হবে। একাডেমি আছে, অনূর্ধ্ব-১৯, “এ” দল আছে। এসব জায়গায় ভালো পারফর্ম করলে আমরা চিন্তা করব।’ পেসার-সংকটে নির্বাচকেরা বরং ঝুঁকতে পারে পুরোনোদের দিকেই। ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলা সাজেদুল ইসলামের দলে ফেরার গুঞ্জন দিচ্ছে সেই আভাস।এক দিন এগিয়ে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়ে যাবে ১০ এপ্রিল। অনুশীলন হবে কেবল যাওয়ার আগের দিন। অবশ্য অনুশীলন না থাকলেও শেরেবাংলা স্টেডিয়ামে ব্যস্ত সময়ই কাটাতে হচ্ছে ফিজিও-ট্রেনারদের। কেউ লক্ষ রাখছেন মাশরাফির রানিংয়ে, কেউ সঙ্গ দিচ্ছেন সাকিব আল হাসানের পুনর্বাসনে। চোট-জর্জর খেলোয়াড়দের ভিড় থেকে এই সাকিবই দিচ্ছেন একমাত্র সুসংবাদ। শিনবোনের সমস্যা কাটিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি।