জিম্বাবুয়ে সিরিজ না ত্রিদেশীয় টি-২০?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারিতে সিরিজ হবে এবং সেটা টি-টোয়েন্টি ক্রিকেটেরই। তবে সিরিজটি জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক হবে, নাকি আরেকটি দল নিয়ে তিন জাতি সিরিজ হবে, প্রশ্ন সেটাই।
বিসিবি সূত্রে জানা গেছে, কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছা, সুযোগ থাকলে তিন জাতি সিরিজ খেলার। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে যতটা সম্ভব শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলতেই তাঁর এই ইচ্ছা। তিন জাতি সিরিজ হলে বাংলাদেশ জিম্বাবুয়ের বাইরে তৃতীয় দল হওয়ার সম্ভাবনা আছে শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের। এই দুই বোর্ডের সঙ্গেই এখন বিসিবির আলোচনা চলছে বলে জানিয়েছে সূত্র।
আলোচনা ফলপ্রসূ হলে ১৪ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত তিন জাতি টি-টোয়েন্টি সিরিজই হবে বাংলাদেশে। আর না হলে ওই সময়ের মধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজটা কয়টি ম্যাচের হবে, তা এখনো নিশ্চিত নয়। নাম প্রকাশ না করার শর্তে এক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘তিন জাতি সিরিজ খেলা যায় কি না, আমরা আগে সেটি নিশ্চিত হতে চাই। সেটা সম্ভব না হলে জিম্বাবুয়ে সিরিজের ম্যাচসংখ্যার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরেকটি সূত্রে অবশ্য জানা গেছে, দ্বিপাক্ষিক সিরিজ হলেও জিম্বাবুয়ের সঙ্গে তিনটির বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি নন হাথুরুসিংহে।