জিম্বাবুয়ে সিরিজেও নিরাপত্তার জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ‘পচা শামুকে’ পা কাটার দুশ্চিন্তাই থাকে বেশি। তবে ঢাকায় কাল তাদের প্রথম অনুশীলনের দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাড়তি নিরাপত্তাব্যবস্থা যেন জানিয়ে দিল, সব ধরনের শঙ্কা থেকেই দূরে রাখার চেষ্টা হচ্ছে ছোট এই সিরিজটাকেও।
নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করেছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও দুবার মেয়েদের দল পাঠানো স্থগিত করে তৃতীয় দফা তারিখ ঘোষণার অপেক্ষায়। এ রকম স্পর্শকাতর সময়ে দেশের ক্রিকেট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হোক, সেটা চায় না বিসিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার জিম্বাবুয়ে সিরিজেও বাড়তি নিরাপত্তার জাল সে কারণেই।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশে জিম্বাবুয়ের নিরাপত্তা নিয়ে কখনোই খুব একটা চিন্তা করতে হয় না। অন্য অনেক দলের মতো সবকিছুতেই ভয় পাওয়ার বাতিক নেই দলটার। বরং আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এখানকার ঘরোয়া ক্রিকেটেও খেলার অভিজ্ঞতার সুবাদে বাংলাদেশ সম্পর্কে জিম্বাবুইয়ান খেলোয়াড়দের মানসিকতা বেশ ইতিবাচক।
সেই মানসিকতা এখনো আছে বলেই নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ভয় সত্ত্বেও জিম্বাবুয়ে দল এই মুহূর্তে বাংলাদেশে। তবে ছোটখাটো যেকোনো ‘অঘটন’ই ভবিষ্যতে ক্রিকেটের জন্য পথের কাঁটা হয়ে উঠতে পারে। জিম্বাবুয়ে দলকেও এবার তাই দেওয়া হচ্ছে ভিআইপি নিরাপত্তাব্যবস্থা। দলের বাস হোটেল থেকে মাঠে যাওয়া-আসার সময় বন্ধ করে দেওয়া হচ্ছে আশপাশের সব সংযোগ সড়ক। খেলোয়াড়দের পরামর্শ দেওয়া হয়েছে, হোটেলের আশপাশে কোথাও গেলেও এক-দুজন করে না বের হয়ে যেন ছয়-সাত জনের দলে বের হন। সঙ্গে নিতে হবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও। কিন্তু ঢাকায় এসে এমন নিরাপত্তার জালে যে অভ্যস্ত নন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। হোটেল থেকে দুই পা এগোলেই শপিং মল, কফি শপ—সেখানেও যাওয়া যাবে না! ঢাকায় নিরাপত্তা নিয়ে এবারের অভিজ্ঞতায় নাকি ইতিমধ্যেই বিব্রতবোধ করতে শুরু করেছেন সফরকারী দলের অনেকেই।
তবু নিরাপত্তার জাল থাকবেই। বিসিবির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলীর দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচের দিন তো বটেই, এবার অনুশীলনের দিনগুলোতেও স্টেডিয়াম এলাকায় থাকবে বাড়তি পুলিশ। ‘অন্যান্য সময় অনুশীলনের দিনে আমরা শুধু স্টেডিয়ামের মূল গেটেই পুলিশ রাখি। এবার সব গেটে পুলিশ থাকছে। এ ছাড়া ম্যাচের দিন অন্য সময় ১৪০০ পুলিশ থাকলেও এবার আড়াই হাজারের মতো পুলিশ থাকবে’—বলেছেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও, ‘এমন নয় যে এখানে কোনো হুমকি আছে বা জিম্বাবুয়ে দল এখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজে সে কারণেই এবার একটু বাড়তি নিরাপত্তা থাকছে।’
ওদিকে মহিলা দলের বাংলাদেশ সফর স্থগিত করার কথা কাল আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তার কারণে আমাদের কয়েকজন খেলোয়াড় এই সফরটা করবে না। এ ছাড়া বছরের এই সময়ে অনেকের পড়াশোনা এবং পরীক্ষা ও অন্যান্য কাজ নিয়েও ব্যস্ততা থাকে।’
লরগাত অবশ্য আশার কথাও শুনিয়েছেন। বিসিবির সঙ্গে নাকি সফরের নতুন সময়সূচি নিয়ে আলোচনা চলছে। বিসিবির প্রধান নির্বাহীও বলেছেন একই কথা, ‘বাংলাদেশ সফরের ব্যাপারে তারা কখনোই নেতিবাচক কিছু বলেনি। আশা করছি কয়েক দিনের মধ্যেই নতুন সময়সূচি জানাতে পারব।’