জিম্বাবুয়েই হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডে উৎসবের আমেজ। আইসিসির ১০ দলের বিশ্বকাপ-তত্ত্বে ফিকে হয়ে গিয়েছিল আইরিশদের বিশ্বকাপ খেলার স্বপ্ন। সেই স্বপ্নটায় আবার রং চড়ার সম্ভাবনা জেগেছে। আগামী সভায় ২০১৫ বিশ্বকাপের ফরম্যাট পুনর্বিবেচনা করার কথা বলেছে আইসিসি। আইরিশদের আনন্দ এ কারণেই।দল বাড়ানোর কথা ভাবছে না আইসিসি। ফরম্যাট পুনর্বিবেচনা বলতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ভাবছে একটা বিষয়—২০১৫ বিশ্বকাপের ১০টি দল সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন। এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। প্রস্তাবটা সহ-আয়োজক অস্ট্রেলিয়া মাত্রই দিয়েছে। সভায় এর সুবিধা-অসুবিধা হিসাব করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসির নির্বাহী কমিটি।‘২০১৫ সালে ১০ দলের বিশ্বকাপে আমাদের পূর্ণ সমর্থন আছে। তবে আমরা সব সময়ই বলে এসেছি এই ১০টি দল নির্বাচন করা হোক মেধার ভিত্তিতে’—ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন এই কথা। অস্ট্রেলিয়ার সঙ্গে ২০১৫ বিশ্বকাপের আরেক আয়োজক নিউজিল্যান্ডেরও একই মত।আইসিসি তাদের বিশ্বকাপ-পরবর্তী সভায় সিদ্ধান্ত নিয়েছিল আগামী বিশ্বকাপটা হবে ১০ দলের এবং পূর্ণ সদস্য ১০টি দলই খেলবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সহযোগী দেশগুলো। বিশেষ করে, গত ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে দারুণ খেলা আয়ারল্যান্ড। এই দুই বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে হইচই ফেলে দেওয়া আয়ারল্যান্ড তো বিষয়টি নিয়ে ক্রীড়া আদালতে পর্যন্ত যেতে প্রস্তুত।তবে আইসিসির সভাপতি শারদ পাওয়ার আগামী জুনে হংকংয়ে আইসিসির বার্ষিক সভায় আইসিসির নির্বাহী বোর্ডকে ২০১৫ বিশ্বকাপের ফরম্যাট পুনর্বিবেচনা করতে বলায় এবং অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১০টি দল নির্বাচন করার কথা বলায় হালে পানি পেয়েছে আয়ারল্যান্ড। এতে আগামী বিশ্বকাপে খেলার সুযোগ উন্মুক্ত হয়েছে স্কটল্যান্ড, হল্যান্ড ও কানাডারও। আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম কৃতজ্ঞতা জানিয়েছেন পাওয়ারের প্রতি, ‘সভাপতি নিজে বিষয়টি আবার তুলেছেন, এটা খুবই উৎসাহব্যঞ্জক। এটা ইতিবাচক পদক্ষেপ। ৯৫টি সহযোগী দেশের প্রতিটিরই এই চাওয়া।’আয়ারল্যান্ডের জন্য যেটা আনন্দের, এটাই আবার জিম্বাবুয়ের জন্য হতে পারে বিষাদের। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের দল নির্বাচন হলে হুমকির মুখে পড়বে জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে দল হয়েও বিশ্বকাপ খেলার অধিকার হারাতে পারে দেশটি। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১১ নম্বরে। ১০ নম্বরে থাকা আয়ারল্যান্ডের চেয়ে রেটিং পয়েন্টও ৫ কম জিম্বাবুয়ের।অবস্থান বিবেচনায় ভয় বাংলাদেশেরও আছে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশ আছে নবম স্থানে। আইরিশদের চেয়ে ২৫ রেটিং পয়েন্ট বেশি।