জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক পাকিস্তান
ওয়াহাব রিয়াজ, উমর গুল, আবদুর রেহমান বিশ্রামে। মোহাম্মদ ইউসুফ আর তানভীর আহমেদও দলে নেই। শহীদ আফ্রিদি অবসরে, আর স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির বাইরে আগে থেকেই। আসন্ন জিম্বাবুয়ে সফরে তাই তারুণ্যের পতাকা ওড়াবে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল-হক সফরটাকে দেখছেন তরুণদের জন্য দারুণ এক সুযোগ হিসেবে।পাকিস্তান জিম্বাবুয়ে যাবে ২৫ আগস্ট। ২৮ আগস্ট থেকে খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে ১ সেপ্টেম্বর। এ ছাড়া তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচও আছে সূচিতে। দলে অভিজ্ঞতার অভাব থাকলেও আফ্রিদির অবসরের পর অধিনায়ক হওয়া মিসবাহ বলেছেন, ‘সিনিয়রদের জায়গা নেওয়া সব নতুন খেলোয়াড়ই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে এসেছে। সফরটা তাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ।’নতুনদের মধ্যে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা আইজাজ চিমা ও ইয়াসির শাহ, ফাস্ট বোলার জুনায়েদ খান। দলে ফেরানো হয়েছে সোহেল তানভির ও সোহেল খানকে। এত নতুনের ভিড়েও আশাবাদী শোনাচ্ছে অধিনায়কের কণ্ঠ, ‘অনেক দিন পর এত বেশি সিনিয়র খেলোয়াড় একসঙ্গে বাইরে। তবে প্রতিটি দলেরই এ রকম সময় আসে। এই সুযোগে ওই সিনিয়রদের মতো খেলতে পারে এমন কিছু তরুণ খেলোয়াড় বেরিয়ে আসে।’ছয় বছর পর টেস্টে ফিরেই বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ে দল চমক দেখাচ্ছে একটার পর একটা। ওয়ানডে সিরিজেও প্রথম দুই ম্যাচে তারাই জয়ী। পাকিস্তান অধিনায়ক তাই আগেই সতর্ক, হালকাভাবে নিচ্ছেন না আফ্রিকার দলটিকে, ‘আমরা কোনো দলকেই হালকাভাবে নিই না। আয়েশে গা ভাসালেই বিপদে পড়তে হবে। তরুণদের সুযোগ দিয়ে আমরা কোনো গবেষণা করতে চাইছি না। তারা যোগ্যতার প্রমাণ দিয়েই দলে এসেছে।’ ওয়েবসাইট ও এএফপি।