জিম্বাবুয়েকে ১৮৩ রানের লক্ষ্য শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সবচেয়ে বড় এই আসরের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপের এই ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়েকে ১৮৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন কুমার সাঙ্গাকারা। জীবন মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ৪৩ রান।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে প্রথম ছয় ওভারেই ৫৩ রান যোগ করেছিলেন অভিষিক্ত দিলশান মুনাওয়েরা ও তিলকারত্নে দিলশান। কিন্তু সপ্তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মুনাওয়েরা। তার আগে এই ডানহাতি ব্যাটসম্যান করেছিলেন ১৭ রান। এরপর রানের গতি কিছুটা কমে আসে শ্রীলঙ্কার। তিন ওভার পরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান দিলশানও। ১২তম ওভারে ঝুঁকি নিয়ে দুটি রান নিতে গিয়ে আবারও রানআউটের শিকার হন জয়াবর্ধনে। এ পরিস্থিতিতে হয়তো কিছুটা শঙ্কা ভর করেছিল লঙ্কান শিবিরে। কিন্তু চতুর্থ উইকেটে ৯৪ রানের ঝোড়ো এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নিয়ে যান কুমার সাঙ্গাকারা ও জীবন মেন্ডিস। এই রান তাঁরা করেন মাত্র ৮.১ ওভারে। মাত্র ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো এক ইনিংস খেলে শেষ ওভারে আউট হন সাঙ্গাকারা। ৩০ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মেন্ডিস। শেষ বলে একটি ছয় মেরে লঙ্কান স্কোরবোর্ডে ১৮২ রান জমা করেন থিসারা পেরারা।