জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি যাত্রা
সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগ পর্যন্ত বাংলাদেশ দল ভাসবে শুধুই টি-টোয়েন্টির ভেলাতেই। মুশফিকুর রহিমরা কাল রাতে টি-টোয়েন্টি যাত্রায়ই রওনা হলেন জিম্বাবুয়ের উদ্দেশে।হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৮ জুন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। তার আগে ১৬ জুন জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ডাবল লিগ পদ্ধতির সিরিজের ফাইনাল হবে ২৪ জুন। সিরিজের সব ম্যাচ সরাসরি দেখাবে চ্যানেল নাইন।সর্বশেষ জিম্বাবুয়ে সফরের তিক্ত স্মৃতি ভুলিয়ে দিতে অধিনায়ক মুশফিকুর রহিম এবার চান ফাইনালে খেলতে। বিশ্রামে যাওয়া সাকিব আল হাসানকে ছাড়া কাজটা কঠিনই বটে। সাকিব দলে না-থাকা মানে তো একসঙ্গে একজন ব্যাটসম্যান ও একজন বোলার কমে যাওয়া। নতুন কোচ রিচার্ড পাইবাস অবশ্য তাঁর প্রথম অ্যাসাইনমেন্টেই সাকিবের সম্ভাব্য বিকল্প খোঁজার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন এতে। সফরে যাওয়ার আগে পুরো দলকে যিনি মাত্র এক দিনই অনুশীলনে পেয়েছেন।জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ ছাড়াও বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে আরও দুটি সফর করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। জুলাইয়ের মাঝামাঝিতে যাবে আয়ারল্যান্ড ও হল্যান্ড সফরে। আগস্টে বিসিবি একাদশ নামে যাবে ত্রিনিদাদে।