জিম্বাবুয়েতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!
পাকিস্তানের ক্রিকেট ‘গৃহহীন’ অনেক দিন ধরেই। পরবাসী হয়ে তারা শ্রীলঙ্কাকে ‘হোম’ বানিয়েছে, ইংল্যান্ডকেও; মধ্যপ্রাচ্য তো তাদের একরকম দ্বিতীয় ‘হোম’ই। এবার সেই তালিকায় যোগ হতে পারে জিম্বাবুয়েও। হোম সিরিজের ভেন্যু হিসেবে আফ্রিকার দেশটির কথাই ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটির জন্য আরও অনেক দেশের পাশাপাশি জিম্বাবুয়ের কথাও ভাবা হচ্ছে। কাল পিসিবির এক কর্মকর্তা দিয়েছেন এই খবর।২০০৯ সালের মার্চের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না পাকিস্তানে। লাহোরে শ্রীলঙ্কান টিম বাসের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়েছিলেন ওই হামলায়। নিহত হয়েছিলেন নিরাপত্তারক্ষীসহ আটজন। এর পর থেকে আর কোনো দলই রাজি হয়নি পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে। শ্রীলঙ্কাকেই আবারও নিয়ে যাওয়ার অনেক চেষ্টাচরিত্র করে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বাধ্য হয়েই চলছে নিরপেক্ষ ভেন্যুর খোঁজ। এএফপি।