জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আসরে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে ব্রাজিল দল। তার পরও জিম্বাবুয়ের রাজধানী হারারেতে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল। শুনতে অবাক লাগলেও দক্ষিণ আফ্রিকায় উচ্চতা সমস্যা কাটিয়ে উঠতে সমুদ্র পৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উঁচু হারারেতে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে কার্লোস দুঙ্গার দল। জিম্বাবুয়েতে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত এ খবর জানিয়েছেন।স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ জুন। ম্যাচ শুরুর আগের দিন আগামী মঙ্গলবার জিম্বাবুয়েতে যাবে ব্রাজিল দল। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পরও জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘হারারেতে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, এটি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের খুব কাছে। দক্ষিণ আফ্রিকার উচ্চতার সঙ্গেও হারারের উচ্চতার মিল রয়েছে। এখানে খেলার সিদ্ধান্ত নেওয়ায় আমি ব্রাজিলকে ধন্যবাদ দিতে চাই।’রাজনৈতিক অস্থিরতার কারণে জিম্বাবুয়ে সফরে যেতে প্রায় সব দলেরই অনীহা রয়েছে। অথচ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সেখানে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দেশের মাটিতে ম্যাচ আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের কর্মকর্তারা। জিম্বাবুয়ের পর্যটনবিষয়ক মন্ত্রী ওয়াল্টার মোজেম্বি বলছেন, ‘ব্রাজিলের মতো দল এখানে খেলতে আসায় আমরা গর্বিত। এটি আমাদের পর্যটন শিল্পের প্রতি মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে বলে আমি আশা করি।’