জিম্বাবুয়েতে লক্ষ্য ফাইনাল
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পেছনে রয়েছে একটা অপবাদ—বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ভালো খেলে না। আজ জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে এই দুটিকে মিলিয়েই লক্ষ্য স্থির করলেন অধিনায়ক মুশফিকুর রহিম—জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনাল খেলতে চায় বাংলাদেশ।এশিয়া কাপের সুখস্মৃতি ধরে রাখার আশাবাদ জানিয়ে কাল এক সংবাদ সম্মেলনে মুশফিকুর বললেন, ‘এশিয়া কাপের পর ভালো খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে টি-টোয়েন্টি আমরা ভালো খেলি না। এখানে চেষ্টা করব ধারাবাহিকভাবে ভালো খেলতে। তিন জাতি সিরিজে আমাদের লক্ষ্য ফাইনালে যাওয়ার।’আগামী ১৮ জুন বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে হারারেতে শুরু হবে সিরিজ। সিরিজের অন্য দল দক্ষিণ আফ্রিকা। সিরিজ শুরুর আগে ১৬ জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুরের দল। অধিনায়কের আশা, এই ম্যাচ দিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারলে খুব একটা সমস্যা হবে না।জিম্বাবুয়ে যাওয়ার আগে নতুন কোচ রিচার্ড পাইবাস খেলোয়াড়দের নিয়ে একসঙ্গে অনুশীলন করতে পারলেন শুধু কালই। তবে সবাই খেলার মধ্যেই ছিল বলে মুশফিকের কাছে এটা সমস্যা মনে হচ্ছে না, ‘আমরা সবাই খেলার মধ্যেই আছি। ম্যাচ প্র্যাকটিসের চেয়ে বড় প্র্যাকটিস নেই। আর এশিয়া কাপের আগেও আমাদের খুব বেশি প্র্যাকটিস ছিল না। বিপিএলে খেলাটা অনেক সাহায্য করেছিল।’জিম্বাবুয়ে সফরেই দলটাকে ভালোভাবে দেখার সুযোগ পাবেন পাইবাস। একইভাবে কোচকে বোঝার সুযোগ পাবেন ক্রিকেটাররাও। মুশফিক যেমন বললেন, ‘কোচ খুব দ্রুত সবকিছু বোঝার চেষ্টা করছেন। আশা করি, আমরাও তাড়াতাড়ি মানিয়ে নেব ওনার সঙ্গে। আমাদের মানসিকতার সঙ্গে যেন কোচের মানসিকতার মিল হয়, সেই চেষ্টা করতে হবে।’টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই হারায় সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ থেকে ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ দল। এবারের সফরটাকে হারানো সম্মান পুনরুদ্ধারের সুযোগ বলে মনে করছেন অধিনায়ক, ‘এটা আমাদের জন্য একটা সুযোগ। অবশ্যই জেতার জন্য খেলব।’ সুযোগ আরেকটা দিক দিয়েও। নিজেই বিশ্রাম চেয়ে নেওয়ায় এবার দলে নেই সাকিব আল হাসান। বাংলাদেশ দল তাঁকে মিস করবে স্বাভাবিক, তবে অন্যদের জন্য এটাকে সুযোগও বলছেন মুশফিক, ‘সাকিবের মতো কাউকে পাওয়া খুব কঠিন। অনেক সময় সে একাই ম্যাচ জিতিয়েছে। তার অনুপস্থিতি তো অনুভব করবই। আবার সাকিব খেললে নতুন যারা এসেছে বা দলে যারা ফিরেছে, তাদের জন্য সুযোগ পাওয়া কঠিন হয়ে যেত। এখন নতুন কাউকে খেলানোর সুযোগ থাকবে।’প্রাসঙ্গিকভাবে এখানে এসে যায় জিয়াউর রহমানের নাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা হয়নি সেবার। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে জিম্বাবুয়ে সফরের দলে জায়গা করে নেওয়া সেই জিয়া এবার পাদপ্রদীপের আলোয়। থিঙ্ক ট্যাংককে সুযোগ করে দিচ্ছে ভিন্নভাবে ভাবার। ‘উনি (জিয়া) ওপেন করতে পারেন আবার পরেও ব্যাট করতে পারেন। পিঞ্চ হিটার, মানে বড় শট খেলার সামর্থ্য আছে। পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নেব। আশা করি, যা-ই করা হোক সেটাতেই উনি ক্লিক করবেন।’