আশাবাদী মানুষ কখনোই আশা ছাড়ে না। চরম হতাশার মধ্যেও ছাইয়ের আস্তাকুঁড়ে খুঁজে ফেরে আশার নুড়ি। পরিস্থিতির বাস্তবতায় জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও গায়ে তুলে নিতে হচ্ছে আশাবাদীর পোশাক। সুড়ঙ্গের ওপারে আলোর রেখা নেই জেনেও আশায় বুক বাঁধছে ব্রেন্ডন টেলরের দল। টেস্ট আঙিনায় নষ্ট করা সময়ের ঘাটতি মেটানোর আশা নিয়েই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ে।জিম্বাবুয়ের এই আশা কতটা বাস্তবসম্মত? তার আগে এই প্রশ্নটা তোলা যায়, জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট খেলেছিল কবে? স্বেচ্ছানির্বাসন থেকে জিম্বাবুয়ে আবার টেস্টের আঙিনায় ফিরেছে ২০১১ সালের আগস্টে। সেই থেকে গত ১৯ মাসে তারা টেস্ট খেলেছে মোটে চারটি! যার সর্বশেষটি ২০১২ সালের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এই হিসাবেই জিম্বাবুয়ে টেস্ট খেলতে নামছে প্রায় ১৪ মাস পর। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো টেস্ট খেলতে নামছে নয় বছরেরও বেশি সময় পর! ক্যারিবিয়ানদের বিপক্ষে জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৩ সালের নভেম্বরে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২০ মার্চ থেকে ডমিনিকায়।দীর্ঘ বিরতির চ্যালেঞ্জটা তো আছেই। জিম্বাবুয়ের ক্রিকেটের ওপর আবার নতুন করে দেখা দিয়েছে অশনিসংকেত। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও বোলিং কোচ হিথ স্ট্রিক। কোচ অ্যালান বুচারও বিদায় নেওয়ার দিন গুনছেন। এই সিরিজ শেষেই কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বুচার। বাইরের এ ঘটনার প্রভাব পড়ছে দলের পারফরম্যান্সে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। তবু উজ্জ্বল ছবি আঁকিয়েই টেস্টের চ্যালেঞ্জে নামছে জিম্বাবুয়ে। ওয়েবসাইট