জিম্বাবুয়ের কাছে আফগানিস্তানের হার
সেদিন হংকংয়ের কাছে হেরে যাওয়া জিম্বাবুয়ে কাল প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে।
সদ্যসমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে উদ্দীপ্ত আফগানিস্তান চট্টগ্রামে প্রথম অনুশীলন ম্যাচে জয় পায় হল্যান্ডের বিপক্ষে। জয়ের ধারাটা তারা বয়ে নিতে পারল না দ্বিতীয় ম্যাচে। তবে কাল হেরেও বিমর্ষ নন আফগানিস্তানের কোচ কবির খান, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দিন যেকোনো কিছু হতে পারে। আর এটি তো অনুশীলন ম্যাচ।’
এম এ আজিজ স্টেডিয়ামে কাল প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করেছিল আফগানরা। সর্বোচ্চ ৩১ রান করেন সফিকউল্লাহ। মাসাকাদজার ঝোড়ো ৯৩ রানের কল্যাণে ৭ উইকেট হাতে রেখে ৩ বল বাকি থাকতেই উতরে যায় জিম্বাবুয়ে। মাসাকাদজার ৫২ বলের ওই ইনিংসে ৭টি ছয়ের সঙ্গে ছিল ৫টি চারের মার।
দুটি প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় সমান। কবির খান এসব বাদ দিয়ে তাকাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশের সঙ্গে ম্যাচের দিকেই, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি। তারা ভালো দল। তবে স্বাগতিক হিসেবে তারা চাপে থাকবে। তার ওপর আমরা তাদের সদ্য হারিয়েছি। যদিও চাপ থাকবে আমাদের ওপরও।’
২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সেই ঐতিহাসিক ম্যাচের নয় বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেল এম এ আজিজ স্টেডিয়াম। গতকাল এখানে দ্বিতীয় ম্যাচে বাছাই পর্বে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হংকং ২৭ রানে হারিয়েছে হল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ১২৭ রান করেছিল হংকং। হাসিব আমজাদের তোপে ১০০ রানে অলআউট হয় হল্যান্ড, ২১ রানে ৬ উইকেট নিয়েছেন এই পেসার।
প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়ে উদ্দীপ্ত হংকং অধিনায়ক অ্যাটকিনসন এখন বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোরও স্বপ্ন দেখছেন।