জিম্বাবুয়ের চেয়ে একটু এগিয়ে আমরা: সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে জিম্বাবুয়ে সফর। এক টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে পরশু বুধবার। এ সফরে বাংলাদেশকে ফেবারিট মানতে আপত্তি থাকার কথা নয় কারও। সাকিব আল হাসানও মনে করেন, বাংলাদেশই ফেবারিট। তবে খুব বেশি নয়। সাকিবের দৃষ্টিতে, জিম্বাবুয়ের চেয়ে সামান্য এগিয়ে বাংলাদেশ।‘আমি মনে করি, আমরাই ফেবারিট। তবে এটা বলব না, খুব বেশি এগিয়ে। জিম্বাবুয়ের চেয়ে একটু এগিয়ে আমরা’—আজ সোমবার জিম্বাবুয়ে সফর-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন সাকিব।১৪ মাস পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই দীর্ঘ বিরতি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অনেকে। তবে নতুন কোচ স্টুয়ার্ট ল ও অধিনায়ক সাকিব দুজনই বিষয়টিকে দেখছেন ইতিবাচক হিসেবে। তাঁদের বিশ্বাস, দীর্ঘ বিরতির ফলে নতুন উদ্যমে শুরু করতে পারবেন ক্রিকেটাররা।টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই হতাশাজনক। এর পেছনে ক্রিকেটারদের দক্ষতার অভাবকে দায়ী করেন অনেকে। তবে অভিযোগটা মানছেন না নতুন কোচ স্টুয়ার্ট ল, ‘দক্ষতায় কোনো সমস্যা আমার চোখে ধরা পড়েনি। ক্রিকেটারদের দক্ষতা যথেষ্ট ভালো। কিন্তু টেস্ট ক্রিকেটে মানসিকতা পরিবর্তন করতে হবে। টেস্টের গতির সঙ্গে তাল মেলাতে পারলে ব্যাটসম্যানরা যেমন ভালো রান পাবে, উইকেট পাবে বোলাররাও।’