জিম্বাবুয়ের বিপক্ষে ফিরছেন মাশরাফি-তামিম
চোট কাটিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ২০ সদস্যের প্রাথমিক দলে এ দুজনকে রেখেছেন নির্বাচকেরা। দলে আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দলে জায়গা না পাওয়া মোহাম্মদ আশরাফুলও।নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন মাশরাফি। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব দেওয়া হয় সাকিব আল হাসানকে। হাতে অস্ত্রোপচারের কারণে ঐতিহাসিক সেই সিরিজে মাঠে বসে কাটাতে হয় তামিম ইকবালকে। আর ফর্মহীনতার কারণে দলে অনেকটাই অনিয়মিত সাবেক অধিনায়ক আশরাফুল।—ওয়েবসাইটপ্রাথমিক দল: সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, জহুরুল ইসলাম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, মোহাম্মদ আশরাফুল, শাহাদাত হোসেন ও শুভাগত হোম।