জিম্বাবুয়ের রান টপকে যাওয়ার আশা
৩৫ রানের সময় যদি ধরে ফেলা যেত ব্রেন্ডন টেলরের ক্যাচটা, যদি জীবন ফিরে না পেতেন ম্যালকম ওয়ালার...! জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৩৮৯ রান করে ফেলার পর এমন আফসোসই ঘুরেফিরে আসছে।টেস্টের দ্বিতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে এসে কাল একই আফসোস করলেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র, ‘কিছু ক্যাচ পড়েছে। সেগুলো নিতে পারলে আরও ভালো হতে পারত আমাদের অবস্থা। বিশেষ করে টেলরের ক্যাচটা...ওটা নিতে পারলে অন্য রকমই হতে পারত ম্যাচের চেহারা। টেলর শেষ পর্যন্ত ১৭১ রান করে ফেলল।’ এনামুলের বিশ্বাস, ফিল্ডিংটা আরও ভালো হলে জিম্বাবুয়ের রানটা হয়তো ৩০০-এর নিচেই আটকে রাখা যেত। অবশ্য ৩৮৯ রানের চেয়ে জিম্বাবুয়ে যে পাঁচ সেশন ব্যাট করল, এনামুলের কাছে বড় ব্যর্থতা মনে হচ্ছে সেটাকেই।যেখানে বাংলাদেশের কষ্ট, সেখানেই আনন্দ জিম্বাবুয়ের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের। জিম্বাবুয়ের প্রায় দুই দিন ব্যাট করাতে পারার কৃতিত্ব দিলেন তিনি টেলরকে, ‘সামর্থ্যের অসাধারণ প্রয়োগ ঘটিয়েছে টেলর। আমার তো মনে হয়, উইকেটের ধরন বুঝে সে কাল (পরশু) তার খেলাটাও বদলে ফেলেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংগ্রাম করলেও এখন সে অনেক বেশি ফিট। দলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ায় তার ওপর সব সময়ই একটা চাপ থাকে।’জিম্বাবুয়েকে ৩০০-এর নিচে আটকাতে না পারলেও এনামুল আশাবাদী হারারে টেস্ট নিয়ে। তাঁকে আশাবাদী করছে হারারে স্পোর্টস ক্লাবের উইকেট, ‘আজ (গতকাল) প্রথম সেশনের পর থেকেই উইকেট ভালো হতে শুরু করেছে। ওরা ৩৮৯ রান করার পরও আমরা তাই ম্যাচে আছি। তাদের আরেকবার অলআউট করার সামর্থ্যও আমরা রাখি। এখন শুধু প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করতে হবে।’ শেষ সেশনে ২৫ ওভার ব্যাটিং করে বাংলাদেশ কাল ৯৫ রান তুলে ফেলায় এই আশাটা ভিত্তিও পাচ্ছে। ‘আমার মনে হয়, উইকেট ভালো হওয়াতেই আমরা ওদের চেয়ে দ্রুত রান করছি। কালকের (আজ) প্রথম সেশন গুরুত্বপূর্ণ। আজকের (গতকাল) মতো খেলতে পারলে কালই (আজ) তাদের কাছাকাছি চলে যেতে পারব’—বলছিলেন এনামুল। সকালে সুস্থ জহুরুলকে পাওয়াটাও গুরুত্বপূর্ণ। পেটের পীড়ায় আক্রান্ত তিনি। প্রথম দিনের খেলা শেষে অপরাজিত বাংলাদেশের এই ব্যাটসম্যানকে কাল ড্রেসিংরুমে এসে দেখে গেছেন চিকিৎসক।এনামুল আশাবাদী হলেও ফ্লাওয়ার মনে করছেন, ম্যাচের গতি বদলে যেতে পারে যেকোনো সময়, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা শট খেলে অভ্যস্ত। ফুলটস বা শর্ট বল পেলেই ওরা মেরেছে। সত্যি বলতে কি, আমাদের বোলিংও খুব একটা ভালো হয়নি। তবে ম্যাচের গতি যেকোনো সময়ই বদলাতে পারে।’চার বছর পর দলে ফিরেই ৩ উইকেট নিয়েছেন এনামুল। আউট করেছেন সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেলরকেও। নিজের পারফরম্যান্সে দারুণ খুশি বাঁহাতি স্পিনার, ‘প্রথম তিন-চার ওভার নার্ভাস ছিলাম। তবে এখন খুবই খুশি যে ওটা কাটিয়ে উঠতে পেরেছি। বল টার্ন করছিল। আত্মবিশ্বাসও বেড়েছে।’