জিম্বাবুয়ের সিরিজ কেবল শুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পার্টি! পার্টি কেন হবে?’—অ্যালান বুচার অবাক। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বাংলাদেশের বিপক্ষে অমন জয়, পার্টি হবে না? এবার জিম্বাবুয়ে কোচের মুখে হাসির রেখা, ‘কামঅন, একটা মাত্র ম্যাচই জিতেছি, সিরিজ তো নয়! প্রথম ম্যাচ জেতাটাই সবচেয়ে সহজ, আমাদের সিরিজ তো কেবল শুরু!’কোচের কথায় সিরিজ জয়ের প্রচ্ছন্ন প্রতিজ্ঞা। প্রথম ম্যাচ জয়, এ আর নতুন কী? বাংলাদেশে গত তিনটি সফরেই তো তারা প্রথম ওয়ানডে জিতেছে। প্রধান নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল, ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার—সবার কণ্ঠেই তাই একই সুর, জিম্বাবুয়ের সিরিজ শুরু হচ্ছে আসলে আজ। এবার আর কেবল প্রথম ম্যাচ জিতেই থেমে যেতে চায় না, জিততে চায় সিরিজ।তবে সিরিজ জয়ের ভাবনাটা আবার সবাই মাথায় পুরে ফেলেননি। সিরিজ শুরুর আগে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেছিলেন, ‘এগোতে চাই ম্যাচ বাই ম্যাচ।’ কাল একই কথা বললেন কোচ বুচারও, ‘সিরিজ জয়টাই চূড়ান্ত লক্ষ্য, তবে সেটা নিয়ে ভেবে নিজেদের ওপর চাপ বেশি নিতে চাই না। প্রথম ম্যাচ আমরা জিতেছি, কিন্তু ওটা এখন অতীত। আমাদের লক্ষ্য এখন কালকের (আজ) ম্যাচ। কাল জিতি বা হারি, পরের ম্যাচের আগে আবার সেটা ভুলে যাব।’বাংলাদেশে পা রাখার পর থেকেই জিম্বাবুয়ে দলের যাঁরাই কথা বলেছেন, সবাই একটা কথা বারবার বলেছেন, এবারের দলটার প্রস্তুতি ও পরিকল্পনা খুব ভালো। সেই পরিকল্পনার ছাপ প্রথম ম্যাচে তারা দেখিয়েছেও। প্রথম ম্যাচের একাদশে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার নাম না দেখে অবাক অনেকেই। ম্যাচ শেষে চিগুম্বুরা বললেন, অনেক ভেবেচিন্তেই মাসাকাদজাকে বাদ দেওয়া হয়েছে। মাসাকাদজা শট খেলতে পছন্দ করেন, কিন্তু এই উইকেটে শট খেলা কঠিন। বাংলাদেশের এক গাদা স্পিনারের বিপক্ষে রাজিস চাকাভাকেই বেশি নিরাপদ মনে করেছেন তাঁরা। মিরপুরের গড় রান ১৮৭, জিম্বাবুয়ে তাই জানত খুব বড় রানের প্রয়োজন তাদের নেই। দীর্ঘক্ষণ আগলে রেখে ৪১ রান করে পরিকল্পনার সফল বাস্তবায়ন করেছেন চাকাভা। শুধু তা-ই নয়, এমনিতে নিয়মিত বোলিং করলেও উইকেট বুঝে প্রথম ম্যাচে বোলিংই করেননি দুই পেসার চিগুম্বুরা ও চামু চিবাবা।তবে পরিকল্পনার সফল বাস্তবায়ন তো আর প্রতি ম্যাচেই হয় না। বাংলাদেশে অনেকবার আসার অভিজ্ঞতা থেকেই যেমন প্রধান নির্বাচক ক্যাম্পবেল জানেন, আরেকটি জয় পাওয়া সহজ হবে না, ‘নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ আকাশে উড়ছিল, জিম্বাবুয়ে তাদের মাটিতে নামিয়েছে। তারা নিশ্চয়ই জবাব দেওয়ার জন্য ফুঁসছে। তা ছাড়া দর্শকও একটা ব্যাপার। প্রথম ম্যাচে অনেক দর্শক ছিল, কিন্তু আমি জানি কাল (আজ) ছুটির দিন, দর্শক আরও বেশি হবে। আমাদের জন্য কাজটা হবে খুব কঠিন।’বাংলাদেশ এখন ক্যাম্পবেলের কথাকে সত্যি প্রমাণ করতে পারলেই হয়!